মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে অসুরক্ষিত সেপটিক ট্যাংক কেড়ে নিল পাঁচ বছর বয়সী শিশু সাঈমের প্রাণ। বুধবার বিকেলে সুন্দরপুর ইউনিয়নে একটি ভবনের পাশে খোলা অবস্থায় থাকা সেপটিক ট্যাংকে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ভবনটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলাম রহমান চৌধুরী বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি সাদেক নগর আত্-তাকওয়া মাদ্রাসার সুপার মাওলানা শামশুদ্দীনের ভবনের পাশে। নিহত সাঈম স্থানীয় বাসিন্দা মো. আখতারের ছেলে। তার বাবা পেশায় একজন কৃষক।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় ভবনের দুই ভাড়াটিয়ার শিশুর সঙ্গে খেলছিল সাঈম। খেলার একপর্যায়ে ভবনের পাশে থাকা খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। বিষয়টি জানার পর শিশুটির চাচা হেলাল ও ফারুক দ্রুত তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলেও পথেই শিশুটির মৃত্যু হয়।
ভবনের এক নারী ভাড়াটিয়ার ভাষ্য, কয়েকজন শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। হঠাৎ সাঈম সেপটিক ট্যাংকে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে তার স্বজনেরা হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে নিহত শিশুর চাচা হেলাল ভবনটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ভবনের পাশে ময়লা ও আবর্জনাযুক্ত পানি ফেলার কারণে ওই স্থানটি পিচ্ছিল হয়ে ছিল। এর পাশাপাশি সেপটিক ট্যাংকের ঢাকনাও খোলা রাখা হতো। এসব অব্যবস্থাপনার কারণে শিশুটির এমন পরিণতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হেলাল বলেন, একটি শিশুর জীবন এভাবে ঝরে যাওয়ার ঘটনা মেনে নেওয়া কঠিন। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
ঘটনার বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, তিনি সাংবাদিকের কাছ থেকেই প্রথম ঘটনাটি জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।