বাংলার ঐতিহ্যবাহী পরিবারের স্মরণে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের দোয়া মাহফিল ও বিশেষ হেরিটেজ ট্যুর

আপলোড সময় : ১২-১১-২০২৬ , আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:০৭:২১ অপরাহ্ন
বাংলা, বিহার ও উড়িষ্যার বীর দেশপ্রেমী নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা সহধর্মিণী বেগম লুৎফুন্নিসা। ১০ ই নভেম্বর ২০২৬ তারিখে বঙ্গ সম্রাজ্ঞীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ হেরিটেজ ট্যুর ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এন.এস.এস.পি)। ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার ঢাকায় দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে পরিষদের একটি প্রতিনিধি দল ঢাকা শহরে নবাব সিরাজউদ্দৌলার স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন, তার মধ্যে উল্লেখযোগ্য স্থান সমূহ - শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা হল, শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বিপরীতে নবাব সিরাজউদ্দৌলা এবং বেগম লুৎফুন্নিসার স্মৃতি বিজড়িত আম গাছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহ হল, মুঘল আমলের মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন হুসাইনী দালান ইমামবাড়া মসজিদ, নবাব সিরাজউদ্দৌলার অষ্টম বংশধর মরহুম ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তাফা এবং তার প্রিয় সহধর্মিনী মহীয়সী নারী সৈয়দা হোসনে আরা বেগম -এর কবর জিয়ারত, সিরাজ পরিবারের সুখ দুঃখ ব্যথা বেদনায় জড়িত ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ। সেখানে বঙ্গ সম্রাজ্ঞী বেগম লুৎফুন্নিসার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিরবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ ভঙ্গুর জিনজিরা প্রাসাদে নবাব সিরাজউদ্দৌলা প্রজন্ম নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলার উপস্থিতিতে দেশ টেলিভিশনের দেশ বৈচিত্র্যর সাংবাদিক তাবিবুর রহমান,ঢাকার কন্ঠের সাংবাদিক শেখ ফরহাদ, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক ইকবাল হোসেন রতন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মুহাম্মদ এনামুল হাসান সহ অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ নবাব প্রজন্মের এক্সক্লুসিভ সাক্ষাৎকার গ্রহণ করেন। উল্লেখ্য, ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজদের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর নবাব সিরাজউদ্দৌলার সহধর্মিণী বেগম লুৎফুন্নিসা, নবাবের আম্মাজান আমিনা বেগম, নবাবের একমাত্র সন্তান কন্যা উম্মে জোহরা সহ নবাব পরিবারের বেশ কয়েকজন নারী সদস্যকে ঐতিহাসিক জিনজিরা প্রাসাদে বন্দি করে রাখা হয়। দীর্ঘ ৮ বছর! তাঁরা সেখানে বাংলার কুচক্রীদের ষড়যন্ত্রে বিনা দোষে বন্দিজীবন কাটান! ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক হিসেবে ঢাকার জিনজিরা প্রাসাদ আজও বাংলার নবাবি ইতিহাস ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শওকত আকবর; নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের চেয়ারম্যান সাপ্তাহিক পলাশী পত্রিকার সম্পাদক এবং নবাব সিরাজউদ্দৌলার নবম রক্তধারার প্রজন্ম সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা; সংগঠনের মহাসচিব, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও লেখক ফাইজুল ইসলাম; সংগঠনের প্রচার-প্রচারণা সম্পাদক ও মুখপাত্র, সাংবাদিক ফারহানা নীলা; সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান; সংগঠনের কার্য নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ শাহ আলম ; সংগঠনের চেয়ারম্যানের পি.এস ও উপদেষ্টা শেখ স্বাধীন, সংগঠনের আল মাসুম সবুজ -চিত্র সাংবাদিক বাংলাভিশন সহ নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের অন্যান্য প্রতিনিধিরা। উল্লেখ্য, নবাব সিরাজউদ্দৌলার স্বপ্ন, আদর্শ ও ঐতিহাসিক অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর উত্তরসূরিদের সহযোগিতায় নবাব পরিবারের ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে চলতি বছর গঠিত হয়েছে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এন.এস.এস.পি)। পরিষদটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি ও আদর্শের চর্চা, ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ গ্রহণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা সমুন্নত রাখা এবং তাঁর নামে ‘নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পুরস্কার’ প্রবর্তন। আয়োজকদের মতে, বেগম লুৎফুন্নিসার মৃত্যুবার্ষিকী পালন এবং ঢাকায় অবস্থিত নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের মধ্য দিয়ে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও নবাব পরিবারের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। যা বাংলার ইতিহাস ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ। নবাব সিরাজউদ্দৌলার যোগ্য উত্তরসূরী বাংলার ভাইজান নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলার ইতিহাস ঐতিহ্য ও দেশপ্রেম সত্যিই প্রশংসনীয়। তার উদ্যোগকে দেশপ্রেমী জনতা স্যালুট জানায়। বাংলার ইতিহাস পুরুষের হাতে গড়া নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ সিরাজের প্রিয় সোনার বাংলায় দেশপ্রেম ও ভালোবাসার এক নতুন ইতিহাস রচনা করবে ইনশাআল্লাহ। বাংলার ইতিহাস পুরুষের এই অগ্রযাত্রায় ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন মাসাস সংগঠনের তরুণ নেতৃবৃন্দ আরো শুভেচ্ছা জানান পলাশ ফটো ভিসনের কর্ণধার কালিম সান্টু। বাংলার নবাবজাদা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের মহাসচিব জনাব ফাইজুল ইসলাম এবং ছাত্রনেতা শেখ স্বাধীনের প্রতি। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে ইতিহাস ঐতিহ্য ভিত্তিক অনুষ্ঠানটি (১০ নভেম্বর ২০২৬ ইং) সার্বিকভাবে সাফল্যমন্ডিত হয়েছে। এজন্য তিনি আনন্দিত ও গর্বিত।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :