বোমা হামলা আর ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর চেষ্টা যারা চালাচ্ছেন, এ দেশের মানুষকে তারা এখনো চিনে উঠতে পারেননি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর ভাষায়, অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতি বা সন্ত্রাস—কোনোটিরই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না।
জাতীয় প্রেসক্লাবে আজ ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভা’ হয়। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এই মন্তব্য করেন।
বোমা হামলা ও সন্ত্রাসী তৎপরতায় যুক্ত অনেককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। কারা, কোন উপায়ে এসব ঘটনার সঙ্গে জড়িত—সে বিষয়ে তথ্য-উপাত্ত সরকারের হাতে এসেছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, দেশের মানুষও তা দেখছে।
সাংবাদিকতার দায় আর গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন আসাদুজ্জামান। তাঁর মতে, গণমাধ্যম এখন মানুষের আস্থার জায়গায় পৌঁছে গেছে; কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের কাছেই যায়। এই আস্থা ধরে রাখা সাংবাদিকদের দায়িত্ব। সেই সঙ্গে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধেও তাদের সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান-মর্যাদা আর পরের প্রজন্মের স্বার্থে এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বলেন মন্ত্রী। এ কাজে সরকারের সহযোগিতা লাগলে তা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রীর কথায়, ‘সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে।’
গত প্রায় ৯ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের কোনো ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। পুলিশ নিজে বাদী হয়ে মিথ্যা মামলা দেওয়ার যে সংস্কৃতি, সেখান থেকেও সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানান তিনি।
মানুষের অধিকার রক্ষায় সরকারের ইতিবাচক পদক্ষেপগুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, রাতারাতি সব বদলে ফেলা সম্ভব নয়। তবে সঠিক তথ্যের ওপর দাঁড়িয়ে সরকার সঠিক পথে এগোতে চায়, আর সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন। সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে আছে।
ফোরামের সাংগঠনিক ঐক্যের প্রসঙ্গও আসে তাঁর বক্তব্যে। রাজনৈতিক মত, পথ বা আদর্শ আলাদা হলেও শিকড়ের টানে সাংবাদিকদের এক থাকা উচিত বলে মনে করেন তিনি। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্ন তুলে সংগঠনের কর্মসূচিতে বাধা তৈরি করাকে তিনি আত্মঘাতী সিদ্ধান্ত বলে অভিহিত করেন। মতভেদ ভুলে সবাইকে মিলে সংগঠনকে এগিয়ে নেওয়ার ডাক দেন মন্ত্রী।
ঢাকায় থাকা ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দু’টি কর্মসূচি নিজ জেলায় করার অনুরোধও জানান তিনি। তাঁর মতে, এতে জেলার পিছিয়ে পড়া মানুষ উপকার পাবে। স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্ম অনুপ্রেরণা পাবে, জেলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকাও আরও স্পষ্ট হয়ে উঠবে।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ; সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন যোগ দেন বিশেষ অতিথি হিসেবে। জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুলও বক্তব্য দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার হেড অব নিউজ মো. কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ ও দপ্তর সম্পাদক রুবেল পারভেজসহ ফোরামের অন্য সদস্যরাও সভায় ছিলেন।