প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

আপলোড সময় : ১৩-১১-২০২৬ , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:১০:৩৪ অপরাহ্ন

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে হলে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা নতুন করে সাজাতে হবে, বদলাতে হবে সংশ্লিষ্ট সবার মানসিকতাও—এ কথার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধন হয় আজ শুক্রবার সকালে। সেখানে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

তাঁর মতে, চিকিৎসাব্যবস্থায় এমন জট বেঁধেছে যে সাধারণ মানুষের পক্ষে সেবা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। দাঁতের চিকিৎসার খরচও এত বেশি যে সাধারণ মানুষ তা বহন করতে পারে না।

সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কথাও তোলেন রাষ্ট্রপতি। বেশির ভাগ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক নেই, সেবার ব্যবস্থাও যথেষ্ট নয়। উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক প্রায় মেলেই না। ফলে বাধ্য হয়ে মানুষ হাতুড়ে চিকিৎসকের কাছে যায়।

এ কারণে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরকারিভাবে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তরুণ চিকিৎসকদের গ্রামে গিয়ে সেবা দেওয়ার ওপরও জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পাস করার পর অনেক তরুণ চিকিৎসক গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য কোনো প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এই মানসিকতা বদলানো দরকার।

স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা ঠেকাতে দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। মানুষের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থা বদলানো সম্ভব বলে মনে করেন রাষ্ট্রপতি।

পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার উদ্যোগ নিতেও বলেন তিনি। তাঁর মতে, পেশার জায়গায় দলীয়করণ ঠিক নয়; এ নিয়ে উদ্যোগ নিলে সমস্যা অনেকটাই কমে আসবে। সরকার বদলালেই সংগঠনের সবকিছু বদলে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া দরকার।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কাজ চালিয়ে যেতে হবে।

আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তাঁর ভাষায়, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও মজবুত করবে, দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর আগে সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন রাষ্ট্রপতি। সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির; সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমানও বক্তব্য দেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :