রূপসায় রাইস মিলের পানির ট্যাংক পরিষ্কারের সময় দেয়াল চাপায় প্রাণ গেল নৈশ প্রহরীর

আপলোড সময় : ১৩-১১-২০২৬ , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৩:৩৭ অপরাহ্ন

রূপসা উপজেলায় একটি অটো রাইস মিলের নির্মাণাধীন ইটের দেয়াল ধসে খলিলুর রহমান খান (৫২) নামে এক মাদরাসার নৈশ প্রহরী নিহত হয়েছেন।

আজ সকালে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের সুতালের বটতলায় দুর্ঘটনাটি ঘটে। খলিলুর রহমান খান রূপসার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদরাসায় নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য, মাদরাসার দায়িত্বের পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণশ্রমিকের কাজও করতেন খলিলুর। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে দেবীপুর সুতালের বটতলার পাশে দিদারুল ইসলামের অটো রাইস মিলে তিনি পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। কাজের মধ্যেই মিলের নির্মাণাধীন ইটের দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। গুরুতর আহত হন তিনি। এলাকার লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খানও বাসসকে একই তথ্য দেন। তিনি জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত খলিলুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ওসি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :