মধ্যপ্রদেশে শূকর মারার দেশীয় বোমা মুখে বিস্ফোরিত, রসগোল্লা ভেবে মুখে দিয়েছিলেন রাজেন্দ্র

আপলোড সময় : ১৩-১১-২০২৬ , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৫:৩৯ অপরাহ্ন

দেখতে ঐতিহ্যবাহী মিষ্টির মতো, আসলে দেশীয় বোমা—এমন একটি বস্তু মুখের ভেতরে বিস্ফোরিত হয়ে ভারতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার পুলিশ এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপির।

ভারতের কিছু গ্রামীণ এলাকায় বন্য শূকর মারতে স্থানীয়ভাবে এ ধরনের বিস্ফোরক বানানো হয়। ময়দা বা আটার খামিরে বারুদ মিশিয়ে তৈরি হয় ছোট ছোট গোল বস্তু। বারুদ সাধারণত জোগাড় করা হয় পটকা থেকে, নয়তো পাথর ভাঙার খনি থেকে।

অথচ দেখতে এগুলো ভারতের জনপ্রিয় মিষ্টি ‘রসগোল্লা’র মতো। রসগোল্লা নরম, গোল একধরনের মিষ্টি; চিনির শিরায় ডুবিয়ে তৈরি এই মিষ্টি সাধারণত আস্ত মুখে পুরে খাওয়া হয়।

নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারৌতিয়া, বয়স ৩৫ বছর। মঙ্গলবার ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় কয়েকজন গ্রামবাসীর সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন তিনি। এক গ্রামবাসী ওই ‘মিষ্টি’ নিয়ে আসেন, আরেকজন সেটি রাজেন্দ্রকে দেন।

পুলিশের নারী কর্মকর্তা রেখা সিং এএফপিকে বলেন, ‘এলাকার কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বন্য শূকর মারতে যে বোমা ব্যবহার করেন, সেটিই ওই ব্যক্তিকে খেতে দেওয়া হয়েছিল।’ বোমাটি রাজেন্দ্রর মুখের ভেতরেই বিস্ফোরিত হয় বলে জানান তিনি।

গুরুতর আহত অবস্থায় রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে হত্যার উদ্দেশ্য ছাড়া প্রাণঘাতী অপরাধ সংঘটনের।

রেখা সিং বলেন, ‘তাকে হত্যার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা কৌতুকের ছলে ঘটনাটি ঘটানো হয়েছে— তা এখনো নিশ্চিত নয়।’ ঘটনার তদন্ত চলছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :