কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা রুখতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতা-কর্মীরা। দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা জানিয়ে বলেছেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধন ও উসকানিতে পতিত আওয়ামী লীগ দেশের ভেতরে নাশকতা আর অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
আজ রোববার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেই শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।
রিজভীর ভাষ্য, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি থেমে যায়নি। দেশের ভেতর ও বাইরে থেকে গোপনে নাশকতা চালাচ্ছে তারা। কোথাও গাড়িতে আগুন, কোথাও বোমাবাজি; সড়ক, মহাসড়ক ও রেলপথেও অরাজকতা তৈরির চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অনুসারীরা পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের মালিকানাধীন কারখানাগুলোতে শ্রমিকদের ঢুকতে বাধা দিয়েও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের এই চেষ্টা কখনো সফল হবে না বলে মন্তব্য করেন রিজভী। তাঁর কথায়, নাশকতায় জড়িতরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার দণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, পতিত শেখ হাসিনার দণ্ড হয়েছে। দেশে ফিরলে সেই দণ্ড বহাল থাকবে এবং তা কার্যকর করা হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে—প্রধানমন্ত্রী তারেক রহমান এমনটাই আশা করেন বলেও জানান রিজভী।
কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমানউল্লাহ আমান ছিলেন। আরও ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর। সব মিলিয়ে কয়েক হাজার নেতা-কর্মী সেখানে উপস্থিত হন।