আইন প্রণয়নের বাইরেও সংসদ সদস্যদের কাঁধে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলে মনে করিয়ে দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের অন্যতম কাজ। একটি শক্তিশালী ও কার্যকর সংসদকে তিনি গণতন্ত্রের প্রাণকেন্দ্র বলে উল্লেখ করেন।
আজ জাতীয় সংসদের শপথ কক্ষে এক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস এন্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের আওতায় 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ' শীর্ষক এই কর্মসূচি হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।
স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও সংশ্লিষ্ট অন্যান্য জটিলতাও বেড়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়ে স্বচ্ছতা রাখা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় যুক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। এই কর্মশালা থেকে পাওয়া জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর ভাষায়, বর্তমান সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানুষ তাকিয়ে আছে বর্তমান নির্বাচিত সংসদের দিকে। সরকারের উন্নয়ন প্রকল্পে সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন স্পিকার।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ফ্যাসিজমকে যেভাবে বিতাড়িত করা গেছে, এসডিজিও তেমনিভাবে অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ জানান তিনি।
চিফ হুইপ নূরুল ইসলাম মনির মতে, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে কেবল বাজেট বরাদ্দ আর সরকারি ব্যয়ের পরিমাণে নজর রাখলে চলবে না। বরাদ্দের অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
তিনি জানান, দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকের ঋণের সুদ মওকুফ ও কৃষক কার্ড চালুসহ বেশ কিছু কর্মসূচি নিয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নতি এবং এসডিজির অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
সংসদের উন্নয়ন প্রকল্পে নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ইউএনডিপিকে ধন্যবাদ জানিয়ে স্পিকার কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্যরা, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।