আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বস্ত্র ও পোশাকশিল্পে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে—এই বার্তার সঙ্গে উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বানও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা বদলাচ্ছে, আসছে নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড। এগুলো পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক ও অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।’
রোববার ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (স্কাইপ) প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয় ও স্কাইপের যৌথ আয়োজনে অনুষ্ঠানটিতে সহযোগী ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (স্টাইল ২) প্রকল্প।
তিনি জানান, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকেই। লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কাজের সুযোগ তৈরির পাশাপাশি শিল্প অর্থনীতিতেও খাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রীর ভাষ্য, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার আর সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা—আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন এসবই প্রত্যাশা করে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে তাল মিলিয়ে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।
ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে আব্দুল মুক্তাদির বলেন, নীতিগত অগ্রাধিকার ঠিক করা, প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যয় কমানো এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুততর করতে সরকার কাজ করছে।
এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত বাড়তি সময় পেয়েছে। মন্ত্রীর মতে, এই সময়কে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান সুবিধা ধরে রাখতে হবে এবং নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে তৈরি করতে হবে।
স্কাইপ প্রকল্পে কারখানার স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করায় গুরুত্ব দেওয়া হয়। এতে পরিবেশদূষণ কমবে, সাশ্রয় হবে উৎপাদন ও পরিচালন ব্যয়ও।
পর্যালোচনায় উঠে আসে বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ার উদ্যোগগুলোও।
আলোচকেরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের শিল্প খাত গড়তে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য। সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করে কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর হাতিয়ার বানাতে হবে বলেও মত দেন তাঁরা।
স্কাইপ ও স্টাইল ২ প্রকল্প বাস্তবায়ন করছে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড; অর্থ জোগাচ্ছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)।
বাণিজ্য মন্ত্রণালয় স্কাইপ প্রকল্পের পৃষ্ঠপোষক, আর বাস্তবায়নকারী অংশীদার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বস্ত্র খাতে নিরাপত্তা, শ্রম ও পরিবেশগত মানদণ্ড পর্যবেক্ষণে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বাড়াতে প্রকল্পটি সহায়তা দিচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা অনুষ্ঠানে যোগ দেন। শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও ছিলেন।