বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব খাতে শৃঙ্খলা ও টেকসই অর্থায়নের ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার যে উচ্চাভিলাষী লক্ষ্য সরকার ঠিক করেছে, তা অর্জনে এগুলো নিশ্চিত করার কথা বলেন তিনি।
আজ রোববার কক্সবাজারে দুই দিনের ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তাঁর মতে, ঋণ পরিশোধের দায় ক্রমেই বাড়ছে, রাজস্ব আহরণ দুর্বল, আর্থিক সক্ষমতাও সীমিত—এগুলোই এখন দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই সরকার যে ঋণই নিক, তা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো ও জনকল্যাণে কার্যকর অবদান রাখে, সেটি নিশ্চিত করতে হবে।
মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়, বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখানে অর্থায়নের সুযোগ কাজে লাগানো।’
প্রচলিত অর্থায়নের পাশাপাশি সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো উদ্ভাবনী পদ্ধতি ব্যবহারের বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান আমির খসরু।
তিনি বলেন, কোনো দেশ কত অর্থ ঋণ নিল, তার ওপর সার্বভৌম ঋণ গ্রহণের সাফল্য নির্ভর করে না। ওই অর্থ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে কতটা কার্যকরভাবে অবদান রাখছে, সেটিই আসল মাপকাঠি।
‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্য নিয়ে ১৫ থেকে ১৬ নভেম্বর সম্মেলনটির আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন। অর্থায়ন ব্যয় বেড়ে চলা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা আর আন্তর্জাতিক পুঁজিবাজারের বদলে যাওয়া পরিস্থিতিতে টেকসই ঋণ গ্রহণের কৌশল কী হবে, তা নিয়েই চলছে আলোচনা।
অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সম্মেলনে অংশ নিয়েছেন। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা, এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরাও যোগ দিয়েছেন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং। সম্মেলনের সার্বিক দিক তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল, আর স্বাগত বক্তব্য দেন এডিবি-বাংলাদেশ আবাসিক মিশনের লিড সোশ্যাল সেক্টর অফিসার এস এম ইবাদুর রহমান।
ঋণ গ্রহণের সক্ষমতা মাথায় রেখে ডলারভিত্তিক ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ বাংলাদেশের খতিয়ে দেখা উচিত বলে মত দেন তানভীর শাহরিয়ার গনি। তাঁর ভাষ্য, জেপি মরগ্যানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচকে অন্তর্ভুক্ত হলে দেশের বন্ডের আন্তর্জাতিক পরিচিতি বাড়তে পারে। তবে বিদেশি বিনিয়োগকারী টানতে হলে অর্থনীতির শক্তিশালী মৌলিক ভিত্তি, স্বচ্ছ লেনদেন ব্যবস্থা এবং বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার নির্ভরযোগ্য সুযোগ নিশ্চিত করতে হবে।
বড় শিল্প প্রকল্পে অর্থায়নের জন্য আন্তর্জাতিক সেটেলমেন্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে বাংলাদেশের সংযোগ বাড়ানো এবং ব্যাংক ও পুঁজিবাজারের সমন্বয় জোরদারের আহ্বানও জানান তিনি।
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে সরকারি অর্থায়নকে আরও পূর্বানুমানযোগ্য ও স্বচ্ছ করতে বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ।
বৈশ্বিক সুদের হারে পরিবর্তন আর বিনিময় হারের অস্থিরতায় সরকারি ঋণ ব্যবস্থাপনা আগের চেয়ে জটিল হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। এ পরিস্থিতি সামলাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং ঋণ পরিশোধের দায়সংক্রান্ত তথ্য প্রকাশ ও প্রতিবেদন তৈরির ব্যবস্থা উন্নত করা হবে। ট্রেজারি বিল ও বন্ডের নিলাম প্রক্রিয়া শক্তিশালী করা এবং বিনিয়োগকারীর পরিধি বাড়ানোরও পরিকল্পনা আছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৮-২৯ অর্থবছরে টাকার অঙ্কে বাংলাদেশের বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধ দ্বিগুণেরও বেশি হতে পারে। তাঁর দেওয়া তথ্যে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের সরকারি ঋণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৯ শতাংশের নিচে; ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এ হার প্রায় একই পর্যায়ে থাকার পূর্বাভাস রয়েছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাংয়ের পর্যবেক্ষণ, ঋণ পরিশোধের ব্যয় বাড়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ে চাপ পড়ছে, বাড়ছে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতাও। ২০২০-২১ অর্থবছরে ঋণ পরিশোধ ব্যয় ছিল জিডিপির ২ দশমিক ৩ শতাংশের সমান, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৩ শতাংশে।
সরকারি গ্যারান্টিসহ সব ধরনের সরকারি ঋণের তথ্য আরও বিস্তারিতভাবে প্রকাশের ওপর জোর দেন তিনি। ঋণ পরিশোধের চাপ যাতে সুষ্ঠুভাবে সামলানো যায়, সে জন্য ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা ও বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বানও জানান।
কিংফেং ঝাংয়ের মতে, অভ্যন্তরীণ বন্ডবাজারের গভীরতা বাড়ানো, প্রকল্প মূল্যায়ন ও সরকারি ক্রয়প্রক্রিয়া শক্তিশালী করা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পে নজরদারি জোরদার করা দরকার। এতে সম্ভাব্য আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা যাবে।
সরকারি বিনিয়োগে অর্থায়ন, ঋণ পরিশোধের দায় সামলানো এবং সামষ্টিক আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে উন্নয়নশীল দেশগুলো যখন ক্রমেই জটিলতার মুখে পড়ছে, তখনই হচ্ছে এই সম্মেলন। ঋণের অর্থে কীভাবে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা যায়—অথচ সরকারের ওপর অসহনীয় আর্থিক চাপ তৈরি না হয়—সেটি সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়।
এডিবির পরামর্শক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন সম্মেলনে বিশেষ বক্তব্য দেন। সার্বভৌম ঋণ গ্রহণ, উৎপাদনশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। কোন পরিস্থিতিতে সরকারি ঋণ অর্থনীতিতে ইতিবাচক সুফল আনে, আর অতিরিক্ত ঋণ কীভাবে আর্থিক স্থিতিশীলতা দুর্বল করতে বা বেসরকারি বিনিয়োগের সুযোগ সংকুচিত করতে পারে—তাঁর উপস্থাপনায় সেটি উঠে আসে।
এলডিসি তালিকা থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর ঋণ ব্যবস্থাপনার প্রভাব ও চ্যালেঞ্জ সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই পর্যায়ে অর্থায়নের উৎস বহুমুখী করা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের সুযোগ বাড়ানো নিয়েও আলোচনা চলছে।