চলতি বছর ব্রাজিলে এমপক্সে (মাঙ্কিপক্স) প্রথম একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও কর্তৃপক্ষ পরিস্থিতিকে এখনই প্রাদুর্ভাব বলে বিবেচনা করছে না।
দেশটির একটি জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ওই প্রতিষ্ঠান ফিওক্রুজ ইনস্টিটিউট শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এ বছর এখন পর্যন্ত ব্রাজিলে ১ হাজার ৯ জন এমপক্সে আক্রান্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম মৃত্যুটি হয়েছে রিও ডি জেনেইরোতে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শহরটিতে আক্রান্তের সংখ্যা বছরের বাকি সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে সরকার নজরদারি বাড়িয়েছে, কেনা হয়েছে এমপক্সের নতুন ২৫ হাজার ডোজ টিকা। ফিওক্রুজ বলছে, বর্তমান আক্রান্তের সংখ্যা ২০২২ সালের সর্বোচ্চ সংক্রমণের তুলনায় ‘উল্লেখযোগ্যভাবে কম’।
এমপক্স ছড়ায় গুটিবসন্তের ভাইরাসের একই পরিবারভুক্ত একটি ভাইরাসের মাধ্যমে। এতে জ্বর, পেশিতে ব্যথা এবং ত্বকে বড় আকারের ফোঁড়ার মতো ক্ষত হতে পারে; কোনো কোনো ক্ষেত্রে রোগটি প্রাণঘাতীও হতে পারে।
ভাইরাসটি আক্রান্ত প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শেও মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে।
সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ২০২২ ও ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমপক্সকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল।
২১ কোটি ৪০ লাখ মানুষের দেশ ব্রাজিলে এ বছরের বেশির ভাগ সংক্রমণ ঘটেছে সাও পাওলো ও রিও ডি জেনেইরোতে।