পশ্চিম ইরানের ইলাম প্রদেশে তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। শনিবার (১৪ নভেম্বর) দেহলোরান কাউন্টিতে এনজিএল তেল কোম্পানির কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি শনিবার গভীর রাতে জানান, আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনায় ঘটনাস্থলে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়। পাশাপাশি ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়।