রমজান মাসে খেজুরের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আপেল ও মাল্টা আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় ফলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বস্তি দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুল্ক ও কর কমানোর এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রমজান উপলক্ষে খেজুর আমদানিতে আগামী ১০ মার্চ পর্যন্ত কাস্টমস শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০১০-এর আওতাভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০১০-এর আওতাভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে।
খসড়া আইন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল। তবে এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সংশ্লিষ্ট বিধান সংশোধনের প্রয়োজন দেখা দেয়। এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ১৩১(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে সংশোধিত আইনের খসড়া তৈরি করা হয়। পরে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়াটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকের এসব সিদ্ধান্ত পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।