বদলে গেছে তমা মির্জার ক্যারিয়ার

আপলোড সময় : ১৬-১১-২০২৬ , আপডেট সময় : ১৬-১১-২০২৬

দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা। ২০১০ সালে মাত্র তিন লাখ টাকা পারিশ্রমিকে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী এখন দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত ও সফল মুখগুলোর একজন। দীর্ঘ পথচলায় অভিনয়ের পাশাপাশি বেড়েছে তার পারিশ্রমিক, বিস্তৃত হয়েছে কাজের ক্ষেত্র। বড় পর্দা ও ওটিটিতে সাফল্যের পর এবার করপোরেট জগতেও নতুন পরিচয়ে যুক্ত হয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল তমার। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। ২০১০ সালে পরিচালক এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে শুরুটা খুব একটা সহজ ছিল না। প্রথম দিকের সিনেমাগুলো প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবং পছন্দসই গল্প ও বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ না মেলায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। শুরুর সেই অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে নিজের কাজের ধরন ও সিদ্ধান্তে পরিবর্তন আনেন এই অভিনেত্রী।

তমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমাটি। ২০২১ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এই সিনেমায় কাজ করার পর চলচ্চিত্রে টিকে থাকার জন্য শুধু গ্ল্যামার নয়, কঠোর পরিশ্রম এবং বেছে বেছে ভালো কাজ করার গুরুত্ব উপলব্ধি করেন। পাশাপাশি পরিচালক কাজী হায়াৎ ও সোহানুর রহমান সোহানের অবদানও তার অভিনয়জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা। এই স্বীকৃতি তার ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এরপর ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি।

বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও প্রশংসা পেয়েছেন তমা। ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। পরবর্তী সময়ে ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘আমলনামা’র মতো কাজেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

তবে তমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৩ সালে। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে ‘ময়না’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য অর্জনের পাশাপাশি তমাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর ‘দাগি’র মতো কাজেও তার উপস্থিতি দর্শকদের আগ্রহ তৈরি করেছে।

দীর্ঘ অভিনয়জীবনে সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তমার পারিশ্রমিকও। ক্যারিয়ারের শুরুতে তিন লাখ টাকায় সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া এই অভিনেত্রী বর্তমানে প্রতি সিনেমার জন্য প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান, কাজের ধরন ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই অঙ্কে কিছুটা পরিবর্তন হতে পারে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :