সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি আছে কি না, তা দেখা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ জাতীয় সংসদের শপথ কক্ষে একটি অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তিনি। ইউএনডিপির বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস এন্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের আওতায় 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ' শিরোনামে আয়োজনটি হয়।
স্পিকারের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এর সদস্যরা অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত; নানা পেশার খ্যাতিমান মানুষ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে এখানে এসেছেন। শুধু আইন তৈরিই নয়, এর বাইরেও সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সরকারি উন্নয়ন প্রকল্পের পরিসর বেড়েছে, সঙ্গে বেড়েছে বাস্তবায়নের কারিগরি ও আনুষঙ্গিক জটিলতা—এ কথা তুলে ধরে স্পিকার বলেন, জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়ে স্বচ্ছতা রাখা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের কাজ। এই কর্মশালা থেকে পাওয়া জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদীয় স্থায়ী কমিটির কাজ এবং প্রত্যেক সংসদ সদস্যের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে কতটা মেলে, তা খুঁজে বের করার তাগিদ দেন স্পিকার। সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সেটি নিশ্চিত করার দায়িত্বও আমাদের—বলেন তিনি। তাঁর পরামর্শ, প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে, পাশাপাশি গুণগত মান বাড়িয়ে উন্নয়নের কাজ চালিয়ে যেতে হবে।
আওয়ামী লীগ গত ১৫ বছর প্রহসনের নির্বাচন করে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বলে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়নযাত্রা বাধাগ্রস্ত করেছে। সরকারের উন্নয়ন প্রকল্পে সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মনে করিয়ে দেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এসডিজি লক্ষ্যমাত্রা ২০১৫ সালে গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা এর বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে পারেননি; বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা সেটি বাস্তবায়ন করবেন।
বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে দেশ যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তা বাস্তবায়নের জন্য টেকসই উন্নয়নের পরিবেশ নিশ্চিত করতে হবে। এখানে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কাজ বাস্তবায়নে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ।
সংসদের উন্নয়ন প্রকল্পে নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ইউএনডিপিকে ধন্যবাদ জানিয়ে স্পিকার কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি ও প্রকল্প পরিচালক ছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।