আইন সংশোধনে মামলা গেল সিএমএম আদালতে, পরীমনির অভিযোগ গঠনের শুনানি ২৩ ডিসেম্বর

আপলোড সময় : ১৭-১১-২০২৬ , আপডেট সময় : ১৭-১১-২০২৬

আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি হবে চিত্রনায়িকা পরীমনির মাদক মামলায়। রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটিতে এ দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)। তিনি জানান, আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ ছিল। সে জন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে হাজির হন। আদালতে গিয়ে তারা জানতে পারেন, আইন সংশোধন হওয়ায় মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে। এরপর সিএমএম আদালতে গিয়ে হাজিরা দেন পরীমনি, আর বিচারক চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ঠিক করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে লিখিতভাবে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ আগেই ফুরিয়ে গেছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে তিনি নানা জায়গা থেকে অবৈধ মাদক এনে বাসায় রাখতেন এবং মাদক বহনে নিজের গাড়ি ব্যবহার করতেন। এসব মাদক রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :