রাজশাহীতে ৩১ শতাংশ জমির আমন কাটা শেষ, বাম্পার ফলনে লাভের আশায় কৃষক

আপলোড সময় : ১৯-১১-২০২৬ , আপডেট সময় : ১৯-১১-২০২৬

আবহাওয়া অনুকূলে থাকায় আর কৃষি বিভাগের নিয়মিত তদারকিতে এবার রাজশাহী জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমের ধান কাটা আর মাড়াইয়ে এখন জেলাজুড়ে ধুম পড়েছে।

জেলার ৩১ শতাংশ জমির ধান এরই মধ্যে কাটা হয়ে গেছে। কাটা ও মাড়াই চলবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের তথ্য বলছে, জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানা মিলিয়ে এ মৌসুমে মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এসব জমি থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন, আর চালের লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন।

আবাদে সবার আগে গোদাগাড়ী উপজেলা, সেখানে আমন চাষ হয়েছে ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে। এরপর আছে তানোর (২২ হাজার ৭১ হেক্টর) ও পবা (৯ হাজার ১৪০ হেক্টর)।

অন্য উপজেলার মধ্যে পুঠিয়ায় ৭ হাজার ৩৯৫ হেক্টর, দুর্গাপুরে ৫ হাজার ৬৪৫ হেক্টর, চারঘাটে ৫ হাজার ৪৫৯ হেক্টর, মোহনপুরে ৪ হাজার ১০০ হেক্টর, বাগমারায় ৩ হাজার ৭২৫ হেক্টর এবং বাঘায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন হয়েছে। মহানগরীর মতিহার থানায় ২১ হেক্টর আর বোয়ালিয়া থানায় ৯ হেক্টর জমিতে এই ধানের আবাদ হয়েছে।

মাঠে মাঠে এখন দুলছে সোনালি ধানের শীষ। পাকা ধান ঘরে তুলতে দম ফেলার ফুরসত নেই কৃষকদের। ফলন ভালো হওয়ায় উৎপাদন খরচ উঠিয়ে এবার ভালো লাভের আশা করছেন তাঁরা।

গোদাগাড়ীর কৃষক মো. সাইদুল ইসলাম বলেন, ‘এবার আবহাওয়া বেশ ভালো ছিল। রোগবালাইয়ের আক্রমণও তুলনামূলক কম ছিল। আমার জমিতে ধানের ফলন খুব ভালো হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছি। ফলন ও দাম ঠিক থাকলে এবার আমনে লাভ হবে।’

তানোরের কৃষক মো. সুমনের কথায়, ‘আমাদের এলাকায় আমনের আবাদ বেশি হয় এবং এবার ফলনও ভালো হয়েছে। তবে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিতা সরকার বাসসকে জানান, জেলায় ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান ও ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন চাল। ৩১ শতাংশ জমির ধান কাটা হয়ে গেছে, বাকিটা চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। প্রতি হেক্টরে গড়ে ৩ দশমিক ৮০ মেট্রিক টন ধান মিলছে।

আবহাওয়া এমন অনুকূল থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই কৃষকরা জেলার সব আমন ধান নিরাপদে ঘরে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণও সহজ হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :