উৎপাদিত সব পণ্য বিপিসিকে দেওয়ার শর্তে রিফাইনারির প্রাথমিক অনুমোদন পেল সুপার পেট্রোকেমিক্যাল

আপলোড সময় : ১৯-১১-২০২৬ , আপডেট সময় : ১৯-১১-২০২৬

বেসরকারি খাতে তেল শোধনাগার (রিফাইনারি) গড়ার প্রাথমিক অনুমোদন পেয়েছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। শোধনাগারটি হবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায়। অনুমোদন দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিভাগের অপারেশন-২ শাখা ১৮ নভেম্বর এ বিষয়ে আদেশ জারি করে। উপসচিব আসিফ আহমেদের সই করা ওই আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের ভিত্তিতেই অনুমোদনটি দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩’ মেনে প্রতিষ্ঠানটিকে রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। তবে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত তাদের মানতে হবে।

শর্তের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত সব আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণ করা। সব কার্যক্রমে মানতে হবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৬, পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও পেট্রোলিয়াম বিধিমালা, ১৯৭৪।

রিফাইনারি গড়তে গিয়ে পরিবেশসংক্রান্ত সব আইন ও বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতাও আছে। প্রাথমিক অনুমতিপত্র হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স নিতে হবে প্রতিষ্ঠানটিকে।

আদেশে বলা হয়েছে, এসব আনুষ্ঠানিকতা সেরে রিফাইনারি স্থাপনের সব কাজ শেষ হলে তবেই চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

প্রাথমিক অনুমোদনের সঙ্গে আরেকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে—রিফাইনারিতে যা কিছু উৎপাদন হবে, সবই সরবরাহ করতে হবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)।

বিপিসির চেয়ারম্যানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :