এসএসসি ’৯৬ ব্যাচের বন্ধু মঈনুল ইমরান মুন্নার মৃত্যু, স্মরণে বন্ধু-স্বজনদের দোয়া মাহফিল

আপলোড সময় : ২০-১১-২০২৬ , আপডেট সময় : ২০-১১-২০২৬
এসএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী ও বন্ধু মহলে পরিচিত মুখ মঈনুল ইমরান (মুন্না) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০-০৯-২০২৬ইং তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এসএসসি ’৯৬ ব্যাচের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মঈনুল ইমরান মুন্না এসএসসি ’৯৬ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি ৯৬ অ্যাডমিন প্যানেলের সঙ্গেও যুক্ত ছিলেন। বন্ধুদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক, আন্তরিকতা ও স্মৃতিময় সময়গুলো সহপাঠীদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। পেশাগত জীবনে তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন ওষুধ কোম্পানিতে ক্যাটালগ ও গিফট আইটেম সরবরাহের কাজ করতেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর বাবা এয়ার মোহাম্মদ কো-অপারেটিভ জুট মিলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রিয় বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, বাদ জুমা নরসিংদীর পলাশ উপজেলার কুটিরপাড়া বড়বাড়ি বায়তুন নূর জামে মসজিদে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রিয় বন্ধুর অকাল প্রয়াণে এসএসসি ’৯৬ ব্যাচের সহপাঠীদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর সঙ্গে কাটানো স্মৃতি ও বন্ধুত্বের বন্ধন সহপাঠীদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা মরহুম মঈনুল ইমরান মুন্নাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :