স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের কথা ভাবছে সরকার। সম্ভাব্য এই নিয়োগে মেডিকেল টেকনোলজিস্ট থাকতে পারেন প্রায় ৫ হাজার, ফার্মাসিস্ট প্রায় ২ হাজার।
শূন্য পদের সঠিক সংখ্যা জানতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের কাছে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। কারণ, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটিজনিত অসংগতি রয়েছে।
চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি বড় পরিসরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এতে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ পদ থাকবে প্রায় ১০ হাজার।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসসকে জানান, শুধু এমআইএসের তথ্যের ওপর ভরসা না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের কাছে তথ্য চাওয়া হয়েছে। সেগুলো হাতে পেলে একসঙ্গে মিলিয়ে নিয়োগের চূড়ান্ত চাহিদা ঠিক করা হবে।
হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতিও নিচ্ছে অধিদপ্তর। তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এর বিজ্ঞপ্তি আসতে পারে।
জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজও চলছে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক। কিছু এলাকায় প্রক্রিয়া শেষ হয়েছে, কোথাও এখনো চলছে। কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় সেখানে নিয়োগ শেষ হতে কিছুটা সময় লাগছে।
সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়ে অধ্যাপক রুমি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদে নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে থাকবেন। কমিটির সভাপতি হবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), আর সদস্য সচিবের দায়িত্বে থাকবেন উপপরিচালক (প্রশাসন)।
পরীক্ষার নীতিমালা ঠিক করবে নিয়োগ কমিটি। তারপর হবে লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড মেনে চলা হবে বলে জানান তিনি।
স্বচ্ছতার স্বার্থে নিয়োগ কমিটির তত্ত্বাবধানেই লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে, বলেন অতিরিক্ত মহাপরিচালক।
অধ্যাপক রুমি জানান, বিসিএস ক্যাডারের চিকিৎসক—অর্থাৎ মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ হয় পিএসসির মাধ্যমে। ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিকেল পদও এই কমিশন পূরণ করে।
স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ নিয়ে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, অসদাচরণের সন্দেহ হলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে কোনো কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
তাঁর জানামতে, সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত কোনো বিভাগীয় মামলা হয়নি। এ পর্যন্ত যত বিভাগীয় মামলা হয়েছে, তার বেশির ভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ নিয়ে।
চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, অব্যবহৃত বা অচল যন্ত্রপাতি কাজে লাগানো এবং সময়মতো মেরামত নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দাপ্তরিক চিঠিপত্র ও নথি দ্রুত নিষ্পত্তির জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক রুমি আরও জানান, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টিইএমও) এবং বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তৈরি হচ্ছে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি)।