দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও অতি ভারী বর্ষণের আভাস

আপলোড সময় : ২০-১১-২০২৬ , আপডেট সময় : ২০-১১-২০২৬

দেশের বেশির ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর আরও জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়েছে। আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় আকারে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। আরও উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে আজ সকাল নাগাদ এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্বাভাসে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়—১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার।

ঢাকায় আজ পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। ভোর ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। রাজধানীতে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৮ মিনিটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :