গত বছরের সংঘাতের পর প্রথম: এসসিও সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পাকিস্তানের মন্ত্রী

আপলোড সময় : ২০-১১-২০২৬ , আপডেট সময় : ২০-১১-২০২৬

গত বছর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি ভারত সফরে গেলেন। একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে শুক্রবার তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান। খবর বার্তা সংস্থা এএফপির।

ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের রাজধানীতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি সাংস্কৃতিক সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানে স্বাধীন হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তান একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। এর মূলে রয়েছে দুই দেশের মধ্যে ভাগ হয়ে থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর, যার পুরোটার মালিকানা দুই দেশই দাবি করে।

২০২৩ সালের মে মাসে ভারতের গোয়া রাজ্যে এসসিওর বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের তখনকার পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তারপর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর এটাই প্রথম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আবার ২০২৪ সালে এসসিওর বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন।

১০ সদস্যের এই আঞ্চলিক জোটের ‘সভ্যতাভিত্তিক সংলাপ ফোরামে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দেওয়ার কথা আছে। চার দিনের এই সম্মেলনের উদ্দেশ্য অঞ্চলটির সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদ্‌যাপন করা। জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোও এর লক্ষ্য।

২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকে ঘিরে দুই দেশের মধ্যে চার দিনের সংঘাত ছড়িয়ে পড়েছিল। ওই হামলায় পাকিস্তানের মদদ ছিল বলে অভিযোগ তোলে ভারত, তবে ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর শুরু হয় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ অস্ত্রের ব্যাপক পাল্টাপাল্টি হামলা, যাতে দুই দেশের অন্তত ৭০ জন নিহত হন।

মালিকের এ সফরের মাত্র দুই দিন আগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন লস্কর-ই-তৈয়বার কমান্ডার লতিফ ভাট। জাতিসংঘের তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত লস্কর-ই-তৈয়বাকে পাকিস্তানভিত্তিক সংগঠন বলে দাবি করে ভারত।

দুই দেশের বৈরিতার ছাপ পড়েছে খেলার মাঠেও। চলতি বছর ভারতে অনুষ্ঠিত একটি এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের জাতীয় দল তুলে নেয় পাকিস্তান।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :