লেনদেন ও সূচক দুটোই ঊর্ধ্বমুখী, সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ৩ হাজার ৪৫২ কোটি টাকা

আপলোড সময় : ২০-১১-২০২৬ , আপডেট সময় : ২০-১১-২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেন ও বাজার মূলধন—দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। আগের সপ্তাহের তুলনায় গড় দৈনিক লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ, আর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট।

১৯ নভেম্বর প্রকাশিত ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের হিসাবে, সপ্তাহ শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহ শেষে তা ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ এক সপ্তাহে মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ।

গত সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা, আগের সপ্তাহে যা ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে গড় দৈনিক লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৯৮ লাখ টাকা।

পাঁচ কার্যদিবসে মোট লেনদেন দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকায়। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা। এ সময়ে হাওলা হয়েছে মোট ১০ লাখ ৫৪ হাজার ৬৭৩টি, আগের সপ্তাহে যা ছিল ৯ লাখ ৮৪ হাজার ৫৯৮টি।

সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে সূচকটি ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে। সে হিসাবে এক সপ্তাহে বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।

ডিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ১ হাজার ৭৪ দশমিক ০৮ পয়েন্টে। তবে এসএমই সূচক ডিএসইএমইএক্স ১৯ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ০৫ শতাংশ কমে নেমেছে ৯২২ দশমিক ৯১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে মোট ১২২ কোটি ২৩ লাখ ৫০ হাজার শেয়ার হাতবদল হয়েছে, যেখানে আগের সপ্তাহে হয়েছিল ১০৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার শেয়ার। গড় দৈনিক শেয়ার লেনদেন ১৩ দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ৭০ হাজার।

গত সপ্তাহে দাম বেড়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৫৮টির, আর অপরিবর্তিত ছিল ৪০টির দাম। ৬০টি কোম্পানির শেয়ারে কোনো লেনদেন হয়নি।

বাজারভিত্তিক হিসাবে, ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৯৪ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা, এসএমই মার্কেটে ২০ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ১ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। সরকারি সিকিউরিটিজে লেনদেনের পরিমাণ ছিল ১০ লাখ টাকা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :