পারভেজ লিপু ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে একটি সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর (শুক্রবার) আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের সদস্যদের কল্যাণ ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রধান অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মো. মোস্তাফিজুর রহমান।
সমন্বিত এ কল্যাণ সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে দায়িত্ব পালনকালে সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কল্যাণমূলক বিষয় এবং পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা সুসংহত করা এবং সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সব বাহিনীকে সমন্বিতভাবে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিং ও যৌথ নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সমন্বয় ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে শান্তি ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।