শিখা অনির্বাণে ফুল দিয়ে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২১-১১-২০২৬ , আপডেট সময় : ২১-১১-২০২৬

ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে আজ সকালে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি এভাবে গভীর শ্রদ্ধা জানান তিনি।

খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। পুষ্পস্তবক অর্পণের মুহূর্তে শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী।

এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী যান সশস্ত্র বাহিনী বিভাগে। সেখানে বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকগণ তাঁকে অভ্যর্থনা জানান। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন তিনি। সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারী এতে অংশ নেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে ছিলেন। সংবর্ধনা শেষ হলে বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে যোগ দেন প্রধানমন্ত্রী।

দিবসটি ঘিরে দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। দিনের কর্মসূচি শুরু হয় ফজরের নামাজের পর মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :