সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য আর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন—এটাই জাতির প্রত্যাশা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাঁর বিশ্বাস, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।
আগামীকালের ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ সামনে রেখে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বাণীতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধাও জানান।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব আর আত্মত্যাগ জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করেছিল। সেই অভিযান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। রাষ্ট্রপতির মতে, বাহিনীর সেই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা, পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।’
সেই প্রচেষ্টার ধারাবাহিকতাতেই সশস্ত্র বাহিনী আজ দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার একটি বাহিনী হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়তে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। বদলে যাওয়া বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি সামলাতে দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বাড়ানো এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে ‘সবার আগে বাংলাদেশ নীতি’।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বাইরেও প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে বলে জানান রাষ্ট্রপতি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াচ্ছে। বাণীর শেষে তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।