১০ মাসে রংপুর রিজিয়নের সীমান্তে ৬১৫ জন আটক, জব্দ ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য

আপলোড সময় : ২১-১১-২০২৬ , আপডেট সময় : ২১-১১-২০২৬

মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের প্রথম ১০ মাসে ৬১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী এসব অভিযানে জব্দ করা হয়েছে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য। উদ্ধার হওয়া মালামালের তালিকায় স্বর্ণ, আগ্নেয়াস্ত্র ও গুলির পাশাপাশি আছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালান বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা। রংপুর রিজিয়নের দায়িত্বে থাকা সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার।

জব্দ তালিকায় রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। মাদকের মধ্যে ধরা পড়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল এবং ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল।

এর বাইরে উদ্ধার হয়েছে ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মদ তৈরির ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন আর ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস।

পঞ্চগড় সীমান্তের নিরাপত্তা কার্যক্রমের কথাও উঠে এসেছে বিজ্ঞপ্তিতে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পঞ্চগড় ব্যাটালিয়ন ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করেছিল। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোতায়েন ছিল আরও পাঁচ প্লাটুন বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও চলছে।

বিজিবির ভাষ্য, সীমান্ত সুরক্ষার সঙ্গে সঙ্গে মাদক, অস্ত্র, মানবপাচার ও অন্যান্য চোরাচালান ঠেকাতে অভিযান চলছে। জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপতৎপরতা রুখতেও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :