যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কেন্দ্রবিন্দু এখন এই প্রণালী।
সংস্থাটির তথ্যমতে, প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারের পেছনের দিকে অজ্ঞাত কোনো বস্তু এসে আঘাত করে। একই সময়ে আরেকটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাত হানা হয়। হতাহতের খবর এখনো মেলেনি।
বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরু গত ফেব্রুয়ারিতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে। তার আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো হরমুজ প্রণালী দিয়ে।
যুদ্ধ বাধার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে রেখেছে ইরান। দেশটির অনুমতি না নিয়ে যেসব জাহাজ জলপথটি পার হওয়ার চেষ্টা করছে, সেগুলোতে নিয়মিত হামলা চালানো হচ্ছে।
জবাবে ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারের নিরাপত্তায় পাহারাও দিচ্ছে মার্কিন নৌবাহিনী।