৪৫০টির বেশি প্রতিষ্ঠান, আমদানি পণ্য নিষিদ্ধ: আগারগাঁওয়ে কাল থেকে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা

আপলোড সময় : ২১-১১-২০২৬ , আপডেট সময় : ২১-১১-২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল থেকে বসছে সাত দিনের ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বাড়ানো আর দেশীয় পণ্যের বাজার বড় করাই মেলার লক্ষ্য।

আজ শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ সমীক্ষার হিসাবে দেশে সিএমএসএমই প্রতিষ্ঠান আছে প্রায় ১ কোটি ১৭ লাখ, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ কাজ করেন এ খাতে। এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষের।

মন্ত্রীর তথ্যমতে, এ খাতের উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরের, আর ৬৫ শতাংশ নারী। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

এবারের মেলায় সারা দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে, যার প্রায় ৬০ শতাংশ চালান নারী উদ্যোক্তারা। থাকবেন পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভেষজ পণ্য, গহনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা। সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের প্রতিষ্ঠানগুলোও পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

মেলায় অংশ নিতে পারবেন কেবল দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। ঢুকতে কোনো ফি লাগবে না। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় যেতে পারবেন।

শিল্পমন্ত্রী মনে করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেছিলেন। সেই টাস্কফোর্সের সুপারিশে ২০০৫ সালে তৈরি হয় জাতীয় এসএমই নীতিকৌশল, আর ২০০৬ সালে প্রতিষ্ঠা পায় এসএমই ফাউন্ডেশন। তখন থেকে সংস্থাটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে।

তিনি জানান, এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি থেকে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ উদ্যোক্তা সুবিধা পেয়েছেন, যাঁদের ৬০ শতাংশ নারী।

সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট নয় জন উদ্যোক্তা এবারের মেলায় জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ পাবেন। বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

সাত দিনে থাকবে তিনটি সেমিনার ও একটি সংলাপ। আলোচনায় গুরুত্ব পাবে তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন, জলবায়ু সহনশীল ঋণ ও বিমা ব্যবস্থা এবং এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণ।

আগের ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছিলেন বলে জানান শিল্পমন্ত্রী। সেসব মেলায় বিক্রি হয়েছে প্রায় ৭২ কোটি টাকার পণ্য, ক্রয়াদেশ মিলেছে প্রায় ১০৯ কোটি টাকার।

এর বাইরে এসএমই ফাউন্ডেশনের ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় যোগ দিয়েছেন প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা। উৎসাহ দিতে এ পর্যন্ত ৭২ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে—৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দু’জন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা, শিল্প উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :