‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দেখানো হয় একটি ভিডিওচিত্র, যাতে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কাজ আর প্রতিষ্ঠানটি গড়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরা হয়।
ভিডিওচিত্রে দেখানো হয়, ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই টাস্কফোর্সের সুপারিশে ২০০৫ সালে তৈরি হয় জাতীয় এসএমই নীতিকৌশল। তারই ধারাবাহিকতায় ২০০৬ সালে যাত্রা শুরু করে এসএমই ফাউন্ডেশন।
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পকে এগিয়ে নেওয়া, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং দেশি পণ্যের বাজার বড় করাই এ মেলার উদ্দেশ্য।
সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরি মিলিয়ে মোট আটজন উদ্যোক্তা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ নেন। বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা রয়েছেন পুরস্কারপ্রাপ্তদের মধ্যে। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ছবি তোলেন।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেয় এসএমই ফাউন্ডেশন।
সারা দেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান আর ৩৮০ জন উদ্যোক্তা এবারের মেলায় অংশ নিয়েছেন। অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশই চালান নারী উদ্যোক্তারা।
পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল পণ্য, জুয়েলারি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) প্রতিষ্ঠান আছে মেলায়। সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোও অংশ নিচ্ছে।
দেশে উৎপাদন ও সেবা দেয় এমন ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা এখানে নিজেদের পণ্য দেখানো আর বিক্রির সুযোগ পাচ্ছেন। বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি অবশ্য পুরোপুরি নিষিদ্ধ।
সিএমএসএমই উদ্যোক্তারা যাতে সহজে ঋণ পান, তাঁদের উৎপাদন সক্ষমতা বাড়ে, পণ্য প্রতিযোগিতায় টিকতে পারে এবং কর্মসংস্থান বাড়ে—সে জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান ছিলেন বিশেষ অতিথি। এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন, ঢুকতে কোনো ফি লাগবে না।