শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও যেতে হবে শিল্পপ্রতিষ্ঠানে: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ২২-১১-২০২৬ , আপডেট সময় : ২২-১১-২০২৬

বিশ্ববিদ্যালয় আর শিল্পপ্রতিষ্ঠান যদি একে অপরের সঙ্গে সংযোগ গড়ে তোলে ও পরস্পরকে সহযোগিতা করে, তবেই জ্ঞানকে বাস্তবমুখী উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগানো সম্ভব বলে মনে করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক একটি সেমিনার হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স মিলে সেমিনারটির আয়োজন করে।

শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ার ওপর জোর দেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, শুধু শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে পাঠিয়ে ইন্টার্নশিপ করালেই এ সম্পর্ক তৈরি হবে না। শিক্ষকদেরও আগে কারখানায় গিয়ে সেখানকার চাহিদা আর বাস্তবতা বুঝতে হবে। তারপর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষণা, পাঠ্যক্রম ও সিলেবাস সাজিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে।

দুই পক্ষই যেন লাভবান হয়, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক সেভাবেই গড়তে হবে বলে মত দেন তিনি। বিশ্ববিদ্যালয় শিল্পকে কী দিতে পারবে, আর শিল্প বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে কী সুবিধা পাবে—দুটোই ভাবতে হবে। এক পক্ষ সহযোগিতা চাইবে, অথচ অন্য পক্ষের সুবিধা ও প্রয়োজন মানবে না, তা হবে না।

উন্নত বিশ্বের অভিজ্ঞতা থেকে শেখার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নানা দেশের উন্নয়নের মডেল নিয়ে আমাদের ভাবতে হবে। উন্নত দেশগুলো কীভাবে এগিয়েছে, তাদের অভিজ্ঞতা কী—এসব বাস্তবসম্মত উপায়ে অনুসরণ করা দরকার।

দেশে গবেষণার বিষয়বস্তু ও মান নিয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবার তাগিদ দেন তিনি। তাঁর ভাষায়, জ্ঞানের বাণিজ্যিকীকরণ করতে হবে। আর জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হলে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গবেষণার ফল গ্রহণ করে তা ব্যবহার করতে হবে।

বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা বানানো যাবে না বলে সতর্ক করেন মন্ত্রী। এখনকার শ্রমবাজারে যেসব বিভাগের দরকার নেই, সেগুলো চালু করা ঠিক নয়। শিক্ষক রাজনীতি বা ছাত্ররাজনীতির হিসাবে নতুন বিভাগ না খুলে বাজারের চাহিদা, কর্মসংস্থানের সুযোগ আর প্রয়োজনীয় জনবলের কথা মাথায় রাখতে হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও সতর্ক থাকতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যে উদ্বেগ রয়েছে, সে প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তিনি এআইকে সমস্যা হিসেবে দেখেন না; বরং এটিকে সমাধানের অংশ মনে করেন। ১৯৮০-এর দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসর আসার সময়ও চাকরি হারানোর ভয় তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে সে আশঙ্কা পুরোপুরি সত্যি হয়নি। তাই এআই নিয়েও বাড়তি দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যবস্থাপনার প্রসঙ্গও তোলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ টাকা কীভাবে খরচ হবে, বিশেষ করে মানসম্মত শিক্ষা ও গবেষণার উন্নয়নে কত টাকা যাচ্ছে, তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নিজেদের সমস্যা বিশ্ববিদ্যালয়গুলোকেই খুঁজে বের করতে হবে, সমাধানের উদ্যোগও নিতে হবে নিজেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের নিজ প্রতিষ্ঠানের বাজেট, গবেষণা ও উৎপাদনশীলতা নিয়ে পরিকল্পনা করতে হবে। কেবল বক্তৃতা আর দীর্ঘ গবেষণাপত্র দিয়ে হবে না; কাজের অগ্রগতি আর ফলও দেখাতে হবে।

সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দরকারি অর্থ ও সহযোগিতা দিতে আগ্রহী বলে জানান তিনি। শিল্পপ্রতিষ্ঠানগুলোও সরকারের কাছে নানা প্রণোদনা ও সহায়তা চায়। দুই পক্ষের প্রয়োজন বিবেচনায় নিয়ে তাই সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাব, আধুনিকায়ন, পাঠ্যক্রম সংস্কার, ফলাফলভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা, উদ্ভাবন কেন্দ্র ও ইনকিউবেটর প্রতিষ্ঠার মতো বিষয়ে সরকার সহযোগিতা করবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি ড. মহিউদ্দিন দেন স্বাগত বক্তব্য।

দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা সেমিনারে অংশ নেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :