খাদ্যসহায়তা নিয়ে যাওয়া একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজনের প্রাণ গেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। শনিবার ইসরাইলি হামলা ও গুলিতে সেখানে মোট চারজন নিহত হয়েছেন।
গাজা সিটির আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, হামলার পর তিন পুরুষের মরদেহ হাসপাতালে আনা হয়।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছিল গাড়িটি। সেখানে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হন, আহত হন বেশ কয়েকজন।
ওই ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহও তারা পেয়েছে বলে জানায় আল-শিফা হাসপাতাল।
হামাসের কর্তৃত্বাধীন উদ্ধারকারী সংস্থা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে।
গাজা সিটি থেকে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হয়। তারপর থেকে তা ভাঙার জন্য ইসরাইল ও হামাস নিয়মিত একে অপরকে দুষছে।
দুই বছরব্যাপী এ যুদ্ধের শুরু ২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাস ইসরাইলে নজিরবিহীন হামলা চালানোর মধ্য দিয়ে।
ঘটনাস্থলে তোলা এএফপির ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভ্যান বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভেতরে খাবার ছড়িয়ে-ছিটিয়ে আছে।
ইসরাইলি সামরিক বাহিনী পরে এএফপিকে জানায়, ওই এলাকায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এর বেশি কিছু তারা জানায়নি।
শনিবার মধ্য গাজার নানা জায়গা থেকে ফিলিস্তিনিরা বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে জড়ো হন। আগের দিন বিমান হামলায় নিহত চারজনের জানাজায় অংশ নেন তাঁরা।
সেই হামলা সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনীর বক্তব্য, গাজার মধ্যাঞ্চলে বেসামরিক ইসরাইলি নাগরিক ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে বৈঠক চলছিল। সে সময় হামাসের সামরিক শাখার ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ নিশানা করে তারা হামলা চালায়।
নিহতদের একজনের ভাই মাহদি আবু গারকুদ ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, ‘নেতানিয়াহু যে যুদ্ধবিরতির কথা বলছেন, তা কোথায়?’
এএফপিকে তিনি আরও বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে—এমনটা ধরে নিয়ে পুরো বিশ্ব আমাদের পরিত্যাগ করেছে। অথচ এখনকার দিনগুলো প্রকৃত যুদ্ধের সময়ের চেয়েও বেশি দুর্বিষহ।’
এএফপির হিসাবে, যুদ্ধবিরতি শুরুর পর গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের কর্তৃত্বাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ধরে এ হিসাব করা, যে পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য মনে করে।
একই সময়ে নিজেদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।