চাহিদার চেয়ে ৪১ শতাংশ বেশি পেঁয়াজ, ১১ মাস ধরে বন্ধ আমদানি

আপলোড সময় : ২২-১১-২০২৬ , আপডেট সময় : ২২-১১-২০২৬

বছরে দেশে পেঁয়াজের চাহিদা ৩৬ লাখ টন, অথচ উৎপাদন হয়েছে ৫০.৯০ লাখ টনেরও বেশি—চাহিদার চেয়ে ৪১.৩৯ শতাংশ বাড়তি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এ হিসাব বলছে, ভালো ফলন আর সংরক্ষণ সক্ষমতা বাড়ায় পেঁয়াজে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। ফলে আমদানির ওপর ভর না করেই অফ-সিজনেও স্থানীয় বাজারে নির্বিঘ্নে পেঁয়াজ সরবরাহ করা যাচ্ছে।

সরকারি উদ্যোগে আধুনিক সংরক্ষণাগার গড়ে ওঠায় রান্নার অন্যতম প্রধান এ উপকরণটি স্থানীয় বাজারে তুলনামূলক কম দামে প্রচুর পরিমাণে মিলছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের অফ-সিজনে ফসল তোলার পরের অপচয় ১০ শতাংশ কমানো গেছে, যা প্রতিবছরের সংকট সামলানোর পথ সহজ করেছে।

দেশে সাধারণত ফসল তোলার পরের অপচয় হয় ২০ থেকে ৩০ শতাংশ। তীব্র পচন ধরলে বা আবহাওয়া খারাপ হলে এ হার ৫০ শতাংশ ছাড়িয়েও যেতে পারে। কিন্তু আধুনিক উপায়ে সংরক্ষণের ফলে অফ-সিজনেও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা গেছে।

এ অপচয়ের কারণেই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মৌসুমি সরবরাহ সংকট দেখা দেয়, দাম বাড়ে এবং আমদানিনির্ভরতা বেড়ে যায়। এবার ভালো ফলন আর তৃণমূলে ‘এয়ার-ফ্লো’ মেশিন বিতরণ করে কৃষকদের আধুনিক সংরক্ষণ সুবিধা দেওয়ায় গত ১১ মাস ধরে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে।

আমদানি বন্ধ থাকায় এ সময়ে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৭৬৪ কোটি টাকারও বেশি) সাশ্রয় হয়েছে। সেপ্টেম্বর-ডিসেম্বরে দেশি পেঁয়াজের মজুত ফুরিয়ে গেলে মূলত এই আমদানি করতে হতো।

ডিএইর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ৪৪ লাখ ৪৮ হাজার টন উৎপাদনের পাশাপাশি পেঁয়াজ আমদানি করতে হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। তার আগের অর্থবছর, ২০২৩-২৪-এ ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানি বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৬ লাখ টনে।

ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, ‘আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। এটি অফ সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।’

তিনি জানান, কৃষক পর্যায়ে এ পর্যন্ত মোট ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের আরও ৪ হাজার মেশিন দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।

কৃষকের লাভের প্রশ্নে ডিএইর এক কর্মকর্তা জানান, পেঁয়াজ লাভজনক ফসল। কৃষকেরা এখন প্রতি বিঘায় ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পেঁয়াজ পাচ্ছেন এবং তা বিক্রি করছেন ১ লাখ টাকায়। তাই নিজেদের লাভের তাগিদেই তাঁরা স্বতঃস্ফূর্তভাবে পেঁয়াজ চাষ করছেন।

ফরিদপুরের মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া জানান, গত ছয় মাস ধরে এয়ার-ফ্লো মেশিন দিয়ে তিনি ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন, কারণ এ প্রযুক্তি পেঁয়াজের সামগ্রিক ঘাটতি কমিয়েছে। আগের পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে যেত; নতুন পদ্ধতিতে সেটা নেমে এসেছে মাত্র ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিনের মতে, আধুনিক সংরক্ষণ সুবিধা কৃষককে লাভবান করেছে। এপ্রিলে ফসল তোলার পরপর প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয় ৮০০ থেকে ১ হাজার টাকায়, কিন্তু সেপ্টেম্বর-ডিসেম্বরে দাম ওঠে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া অবশ্য বলছেন, কৃষকের আর্থিক লাভের জন্য সরকারের এখন পেঁয়াজ রপ্তানিতে মন দেওয়া উচিত; না হলে কৃষক লাভবান হবেন না। কারণ, এখন প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ পড়ছে ৪০ টাকা।

এদিকে ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া বন্ধ রেখেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাই চলতি বছর দেশে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে আমদানি হয়েছিল মাত্র ৮৬ হাজার ৩৬৮ টন।

চলতি বছর ৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে ৫০ লাখ ৯০ হাজার টন উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা গত বছরের চেয়ে ৭ থেকে ১০ লাখ টন বেশি।

ফসল তোলার দুই সপ্তাহ আগে, মার্চের শেষে, পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবার প্রতি বিঘায় পেঁয়াজের ফলন ৭০ মণ থেকে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে।

সংরক্ষণ সক্ষমতা বাড়াতে একই সময়ে কৃষকদের মধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে সরকার। যন্ত্রটি দীর্ঘ সময় পেঁয়াজ রাখার জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচল নিশ্চিত করে, আর তাতেই সারা বছর বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় থাকে।

দেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সামলাতে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান জানান, উৎপাদন বৃদ্ধি আর চাষিদের মধ্যে সংরক্ষণ প্রযুক্তি ছড়িয়ে দেওয়াই পেঁয়াজ আমদানি বন্ধ রাখতে ভূমিকা রেখেছে।

আধুনিক এ সংরক্ষণ প্রযুক্তি বসানোর জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে এয়ার-ফ্লো মেশিন কিনতে ১৯ হাজার টাকা, মাচা বা প্ল্যাটফর্ম তৈরিতে ৭ হাজার টাকা এবং কৃষকের বাড়িতে একটি সাইনবোর্ড লাগাতে ১ হাজার টাকা বরাদ্দ ছিল।

প্রতিটি মেশিনে প্রায় ১০ টন পেঁয়াজ রাখা যায়। ফলে এ প্রযুক্তি পেয়ে কৃষকেরা এরই মধ্যে ৩ লাখ টন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করেছেন।

পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬টি জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ জন কৃষক কারিগরি প্রশিক্ষণও পাচ্ছেন।

ড. মাহফুজ জানান, পেঁয়াজ উৎপাদনকারী দেশের ১৭ জেলায় মোট ২ লাখ পেঁয়াজচাষি আছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে তাঁদের মধ্যে ৫০ হাজার কৃষককে এ প্রযুক্তি দেওয়া হয়েছে।

গ্রীষ্মকালীন বা মুড়িকাটা জাতের পেঁয়াজের উৎপাদন বাড়াতে ৪০টি জেলার ১১০টি উপজেলা ও ২৫টি হর্টিকালচার সেন্টারে চলা ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ (ইআইভিটিএসপি)-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়িয়েছে সরকার।

এর আগে নেওয়া ১৩৭ দশমিক ৪২ কোটি টাকার পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত।

প্রকল্প পরিচালক মাসুদুর রহমান জানান, এ প্রকল্পে প্রদর্শনী প্লট (পলিশেড) এবং দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি গ্রীষ্মকালীন জাত, যেমন বারি-৫ পেঁয়াজ, ছড়িয়ে দেওয়া হবে এর মাধ্যমে। প্রকল্প চলাকালে মোট ৩ হাজার ৩৭৫টি গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :