সিনেমা হলের টিকিট আর বিমানযাত্রী প্রায় সমান, আকাশে জমজমাট হলিউডের বাজার

আপলোড সময় : ২২-১১-২০২৬ , আপডেট সময় : ২২-১১-২০২৬

দীর্ঘ বিমানযাত্রায় সিনেমা দেখা এখন প্রায় অপরিহার্য বিনোদন। আর এই অভ্যাসই হলিউডের জন্য খুলে দিয়েছে বড় এক ব্যবসার বাজার। গত বছর সারা বিশ্বে সিনেমা হলে যত টিকিট বিক্রি হয়েছে, উড়োজাহাজে চড়েছেন প্রায় ততজন যাত্রী।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউরোপিয়ান অডিওভিজ্যুয়াল অবজারভেটরির হিসাবে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪৯৮ কোটি সিনেমার টিকিট বিক্রি হয়েছে। একই সময়ে উড়োজাহাজে ভ্রমণ করেছেন প্রায় ৪৯৭ কোটি মানুষ—এ তথ্য আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ)।

বিমানে বিনোদনসেবা দেওয়া বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন প্রতিষ্ঠান টেরি স্টেইনার ইন্টারন্যাশনাল। এর প্রেসিডেন্ট টেরি স্টেইনার এএফপিকে বলেন, ‘বিমান সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছেও এটি একটি বড় বাজার।’

১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি যখন শুরু করেন, তখনকার কথা মনে করে স্টেইনার জানান, বিমান সংস্থাগুলো সে সময় সাধারণত কেবিনের সামনে একটি বড় পর্দায় হাতে গোনা কয়েকটি সিনেমা দেখাত।

তিনি বলেন, ‘প্রযুক্তির উন্নতির ফলে এখন বিনোদনের ব্যবস্থা অনেক বেশি ব্যক্তিগত পছন্দনির্ভর হয়ে উঠেছে।’

এখন যাত্রীর সামনের আসনের পেছনের স্ক্রিনে থাকে সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান, গান ও গেমের বিশাল ভান্ডার। তাই প্রায় প্রতিটি দীর্ঘ যাত্রায় বিমানে সিনেমা দেখা হয়ে উঠেছে অপরিহার্য বিনোদন।

বিজ্ঞাপন ও চলচ্চিত্রশিল্পে দীর্ঘদিন কাজ করা স্টেইনার বলেন, ‘বিভিন্ন কারণে মানুষ বিমানে সিনেমা দেখে। কেউ একই সিনেমা বারবার দেখেন, কারণ সেটি তাকে আনন্দ দেয়। আবার কেউ নতুন কিছু দেখতে চান। তারা হয়তো বলেন, ‘আহা, সিনেমাটি যখন প্রেক্ষাগৃহে চলছিল, তখন দেখা হয়নি। এবার দেখতে চাই।’

চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান আর বিমান সংস্থার মধ্যে যোগসূত্রের কাজ করে তাঁর প্রতিষ্ঠান। এখন প্রায় ১০০টি বিমান সংস্থাকে বিনোদনসেবা দেয় এটি। সঙ্গে হাসপাতাল, কারাগার, প্রমোদতরী, বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতো প্রতিষ্ঠানেও সিনেমা ও অন্যান্য বিনোদনসামগ্রী সরবরাহ করে।

স্টেইনারের ভাষ্য, প্রতিটি বিমান সংস্থার নিজস্ব বৈশিষ্ট্য আছে, যাত্রীদের রুচিও আলাদা। কোন সংস্থার জন্য কোন ধরনের সিনেমা সবচেয়ে মানানসই, সেটি বেছে দেওয়াই তাঁদের কাজ।

দীর্ঘদিন টিকে থাকবে এ বাজার

বাজার গবেষণা প্রতিষ্ঠান মার্কেটসঅ্যান্ডমার্কেটস বলছে, বিমানে বিনোদন ও ইন্টারনেট সংযোগসেবার বাজার ২০১৫ সালে ছিল ২৮৫ কোটি ডলার। চলতি বছর তা আনুমানিক ৯৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

প্রতিষ্ঠানটির মতে, বিমান সংস্থাগুলোতে তারবিহীন প্রযুক্তির ব্যবহার বেড়ে চলা এ বাজার বড় হওয়ার অন্যতম কারণ।

বিমানে বিনামূল্যে ওয়াই-ফাই আর অনুষ্ঠান বা সিনেমা ডাউনলোডের সুযোগ থাকায় যাত্রীরা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পছন্দের অনুষ্ঠান উপভোগ করতে পারছেন, খুঁজে পাচ্ছেন নতুন প্রামাণ্যচিত্রও।

স্টেইনার মেনে নেন, অনলাইন স্ট্রিমিং ছড়িয়ে পড়ায় সিনেমা হলগুলো যেমন নতুন চ্যালেঞ্জে পড়েছে, বিমানের বিনোদনসেবাতেও তেমনি পরিবর্তন এসেছে।

তবে তাঁর মতে, বিমানের বিনোদনসেবা আর স্ট্রিমিং সরাসরি প্রতিদ্বন্দ্বী নয়। এটা প্রতিযোগিতার বিষয়ই নয়, স্ট্রিমিংয়ের কারণে তাঁদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্মে দর্শক যা দেখতে পারেন, আর আমরা যা সরবরাহ করি, তার মধ্যে পার্থক্য রয়েছে।’

উদ্ভাবন, নেতৃত্ব ও বৈশ্বিক বিমান পরিবহন শিল্পে দীর্ঘদিনের অবদানের জন্য সম্প্রতি এপেক্স লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন স্টেইনার।

তাঁর কথায়, ‘আমরা নতুন নতুন সিনেমা ও সদ্য মুক্তি পাওয়া ছবি সরবরাহ করছি। একই সময়ে অনলাইন স্ট্রিমিংয়ে সেগুলো দেখা সম্ভব হয় না।’

তিনি যোগ করেন, ‘এ ব্যবসা হারিয়ে যাচ্ছে না। আরও দীর্ঘদিন টিকে থাকবে।’

বিমানে কোন ধরনের সিনেমা বেশি উপযোগী?

বিমানের যাত্রীদের সামনে থাকে বিশ্বের নানা দেশের হরেক রকম সিনেমা ও অনুষ্ঠান। দরকারমতো এগুলোতে সাবটাইটেল জুড়ে দেওয়া হয়, আর বিমানে দেখানোর উপযোগী করে সম্পাদনা করা হয়।

কিন্তু আকাশে বসে দেখার জন্য সবচেয়ে ভালো কোন ধরনের সিনেমা?

প্রশ্ন শুনে হেসে স্টেইনার বলেন, ‘ভৌতিক ও রোমাঞ্চকর সিনেমা খুব একটা ভালো নয়। বিমান দুর্ঘটনা নিয়ে তৈরি সিনেমা তো একেবারেই না।’

তিনি জানান, বড় বাজেটের জনপ্রিয় সিনেমার পাশাপাশি কমেডি, রোমান্টিক কমেডি এবং নির্দিষ্ট ধরনের পারিবারিক ও সামাজিক নাটকও যাত্রীদের পছন্দের তালিকায় থাকে।

তবে এ বাজারে চাহিদা কেমন হবে, তা সব সময় আগে থেকে বোঝা যায় না।

স্টেইনার বলেন, ‘ছোট বাজেটের কোনো শিল্পধর্মী সিনেমাও হঠাৎ জনপ্রিয় হয়ে উঠতে পারে। আবার হয়তো মাত্র কয়েকটি বিমান সংস্থা সেটি তাদের তালিকায় রাখবে, সেটাও আমাদের কাছে আনন্দের।’

তিনি আরও বলেন, ‘আবার প্রেক্ষাগৃহে বিপুল জনপ্রিয়তা পাওয়া কোনো সিনেমাও বিমানের যাত্রীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। অতিরিক্ত সহিংসতা, যৌনতা, বিষয়বস্তু কিংবা অন্য কোনো কারণে বিমান সংস্থাগুলো সেটি নিতে আগ্রহী নাও হতে পারে।’

বিমানে সিনেমা দেখা এখন নিজেই একটি সাংস্কৃতিক ধারা। নানা ব্লগ ও বিশেষায়িত ওয়েবসাইটে এ নিয়ে নিয়মিত লেখা বের হয়। ৩০ হাজার ফুট উঁচুতে উড়তে উড়তে কোন সিনেমা দেখা যায়, সে বিষয়েও থাকে নানা পরামর্শ।

গত সেপ্টেম্বরে প্রকাশিত এক লেখায় হার্পারস বাজার দীর্ঘ বিমানযাত্রাকে জমে থাকা ধ্রুপদি সিনেমা দেখার আদর্শ সুযোগ বলে উল্লেখ করে। তাদের সুপারিশের তালিকায় ছিল ১৯৪২ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী ‘ক্যাসাব্লাঙ্কা’।

স্টেইনার নিজে বিমানে উঠলে কী দেখবেন, তা নিয়ে তাঁর মনে কোনো দ্বিধা নেই।

তিনি বলেন, ‘আমি অবশ্যই এমন কিছু দেখব, যা আগে কখনো দেখিনি।’

বিমানের সিনেমার জন্য কি একদিন অস্কারে আলাদা বিভাগ চালু হতে পারে?

এমন সম্ভাবনার কথায় হেসে স্টেইনারের জবাব, ‘এটা হলে কতই না ভালো হতো! আমি সত্যিই চাই এমন কিছু হোক।’

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :