শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় থাকা সব অধিদপ্তর, দপ্তর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি’ গঠন করতে বলা হয়েছে। লক্ষ্য, এসব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
কোনো প্রতিষ্ঠানে এ কাজে অবহেলা দেখা গেলে সেই প্রতিষ্ঠানকে তিরস্কার পত্র দেওয়া হবে, দায়িত্বপ্রাপ্তদের আনা হবে জবাবদিহির আওতায়।
সম্প্রতি এক অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নির্দেশনা জারি করেছে।
আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেওয়া ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা এবং পরের কর্মপরিকল্পনা ঠিক করতে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে একটি সভা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সেখানে সভাপতিত্ব করেন।
কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্যরা ছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের আঞ্চলিক কমিটির টিম লিডাররা ওই সভায় ছিলেন।
সেই সভাতেই সিদ্ধান্ত হয়, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা ও আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে অবিলম্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি করতে হবে। কাজ বাস্তবায়নে গাফিলতি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিরস্কার পত্র দেওয়াসহ দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।
সিদ্ধান্তটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনাটি পাঠানো হয়েছে।