একটি স্থলমাইন বিস্ফোরণে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাণ গেছে পাঁচ শিশুর, আহত হয়েছে আরও একজন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার এ খবর দিয়েছে।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানায়, ইদলিব প্রদেশের গ্রামীণ এলাকার উম খুজাইম গ্রামে বিস্ফোরণটি ঘটে। মাইনটি পোঁতা হয়েছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে।
১৩ বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলার পর এখনো সিরিয়ার নানা এলাকায় স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে আছে। যুদ্ধের সময় বিভিন্ন পক্ষ দেশের নানা জায়গায় এসব মাইন পুঁতেছিল।
জাতিসংঘের মাইন অপসারণ কর্মসূচির নেতৃত্বে চলা দেশব্যাপী সমন্বয় ব্যবস্থার হিসাবে, ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সিরিয়ায় বিস্ফোরক অস্ত্রে ১ হাজার ৩৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত বা আহত হয়েছেন ২ হাজার ৩৭৫ জন, যাঁদের ৮৫০ জনের বেশি শিশু।
বেসরকারি সংস্থা হ্যালো ট্রাস্টের সিরিয়া কর্মসূচির ব্যবস্থাপক সাইমন জ্যাকসন গত সেপ্টেম্বরে এএফপিকে বলেছিলেন, স্থলমাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের কারণে সিরিয়ায় গড়ে প্রতি ছয় ঘণ্টায় একজন নিহত বা আহত হচ্ছেন।
জুনে প্রকাশিত ল্যান্ডমাইন অ্যান্ড ক্লাস্টার মিউনিশন মনিটরের প্রাথমিক প্রতিবেদন বলছে, গত বছর মাইন ও বিস্ফোরক যুদ্ধাবশেষে বিশ্বে সবচেয়ে বেশি হতাহত হয়েছে সিরিয়ায়। সে বছর দেশটিতে ১ হাজার ৬০০ মানুষ নিহত বা আহত হন।