স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
মন্ত্রী বলেন, উপকূলের মানুষের জীবনধারা ও জীবনপদ্ধতিকে টেকসই (সাসটেইনেবল) করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি বিপদ থেকে তাঁরা কীভাবে বাঁচতে পারেন, সেই লক্ষ্যে এই অর্থ খরচ হবে।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষে ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল।
বাংলাদেশের সার্বিক উন্নয়ন আর চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে বিস্তারিত কথা হয়।
বৈঠক শেষে মন্ত্রী জানান, ঢাকার ক্রমেই বাড়তে থাকা জনসংখ্যার চাপ সামলানো এবং শহরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করার একটি নতুন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নের বিষয়টিকে বস্তিবাসীর জীবনমান উন্নয়নের মডেল প্রকল্প হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য কড়াইল, ভাসানটেক বা এমন কয়েকটি এলাকার মধ্য থেকে একটি বা দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রীর আশা, আগামী এক-দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে গরিব ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক উদ্যোগ নেওয়া যাবে। এ কাজে সহায়তা দিতে বিশ্বব্যাংক রাজি হয়েছে।
তাঁর কথায়, স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক বাংলাদেশকে বিপুল সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থ দেয় বলে সংস্থাটিকে বরাবর প্রাধান্য দেওয়া হয়।
বিশ্বব্যাংকের প্রতিনিধি পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করতে একটি পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী কী করা যায়, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাঁদের পরিকল্পনা জানিয়েছেন।
আলোচনার ভিত্তিতেই নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে সহায়তা আসবে বলে জানান পেসমে। শহরের বিশেষভাবে চ্যালেঞ্জিং এলাকাগুলোর উন্নয়ন কীভাবে সম্ভব, তা যাচাইয়ের মডেল হিসেবে কর্মসূচিটিতে কাজ করবে বিশ্বব্যাংক।
তিনি জানান, উপকূলীয় অঞ্চলে সহায়তা, ভৌত অবকাঠামো ও জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়েও কথা হয়েছে। চলমান কর্মসূচির সঙ্গে ভবিষ্যতের কৌশল ঠিক করতেও এটি গুরুত্বপূর্ণ।
পেসমে আরও বলেন, পরিবহনসহ নানা খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষা-নিরীক্ষা দিয়ে কাজ শুরু করে কীভাবে শহরবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে আলোচনা চলতে থাকবে।