অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া ১০ চিকিৎসককে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) বিভিন্ন বিভাগে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
পদায়নগুলো হয়েছে নিউরোলজি, নিউরোসার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি ও ইন্টারভেনশনাল নিউরোলজিসহ গুরুত্বপূর্ণ বিভাগে। চিকিৎসকদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়ার, অর্থাৎ অবমুক্ত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব জানানো হয়।
প্রজ্ঞাপনে দেখা যায়, নিউরোলজি, নিউরো সার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি, ইন্টারভেনশনাল নিউরোলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে চিকিৎসকদের পদায়ন করা হয়েছে।
পদায়ন পাওয়া চিকিৎসকেরা হলেন ডা. মাহমুদুল ইসলাম, ডা. আব্দুল আলীম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. শামিম রশিদ, ডা. মোহা. বখতিয়ার আযম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ও ডা. মুহ. রফিকুল ইসলাম।
ডা. মাহমুদুল ইসলাম ও ডা. আব্দুল আলীম অধ্যাপক, নিউরোলজি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পদায়ন পেয়েছেন। একই পদে ডা. মোহাম্মদ সাঈদ হাসানকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডা. শামিম রশিদ পেয়েছেন অধ্যাপক, নিউরো-ফিজিওলজি পদ। ডা. মোহা. বখতিয়ার আযম ও ডা. মো. মাহবুবুল আলমকে পদায়ন করা হয়েছে অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি পদে।
নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে পদায়ন হয়েছে ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক ও ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের। এর মধ্যে ডা. ফরহাদ হোসেন চৌধুরী থাকছেন হাসপাতালে, বাকি দুজনকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত রাখা হয়েছে।
ডা. মুহ. রফিকুল ইসলামের পদায়ন হয়েছে অধ্যাপক, ফার্মাকোলজি পদে।
আলাদা একটি প্রজ্ঞাপনে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া ডা. সাবিনা জেসমিনকে অধ্যাপক, ফার্মাকোলজি এবং ডা. এ কে এম গোলাম কবীরকে অধ্যাপক, রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদে পদায়ন করা হয়েছে। দুজনকেই ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। তা না হলে পরের কর্মদিবসে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।