মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: মুক্তিযুদ্ধের গৌরবগাথা, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের স্মৃতি আর বিজয়ের আনন্দে মুখর হতে যাচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ১০ ডিসেম্বর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, ১৪ ডিসেম্বর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বালন এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কুচকাওয়াজসহ নানা কর্মসূচি পালিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনে আয়োজকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। কর্মসূচিগুলো সফল করতে বিভিন্ন সংগঠন ও অংশগ্রহণকারীদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং উপকমিটি গঠনের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি দিবসগুলোর আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে সচেতন করতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম ও ঐতিহাসিক চেতনা জাগ্রত করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে টাউন হল পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালি শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দিবসটির গুরুত্ব ও ময়মনসিংহের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নগরীর বিভিন্ন স্থানে ব্যানার স্থাপন এবং সিটি কর্পোরেশনের ডিজিটাল ডিসপ্লেতে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৯টায় থানাঘাটের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি রয়েছে।
অন্যদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিন দিবসের আয়োজনকে আরও বর্ণিল ও সর্বজনীন করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং মহান বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চায় জেলা প্রশাসন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান সঞ্চালনা করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দিবস উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।