আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে হেলিকপ্টারটি নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের জন্য তার এই সফর। ঢাকা থেকে তিনি রওনা দিয়েছিলেন সকাল সাড়ে ১০টায়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন সেখানে দেখবেন প্রধানমন্ত্রী।
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখার কথা তার। অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানেরা কী কী কাজ করছেন, তা-ও পর্যবেক্ষণ করবেন তিনি।
এই মহড়ায় থাকছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
বঙ্গোপসাগরে নোয়াখালীর দক্ষিণে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই দ্বীপকে স্থানীয়রা চেনেন ‘জাহাইজ্জার চর’ নামে। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। তখন থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তারা।
এক যুগের বেশি সময় ধরে দ্বীপটিতে সেনাবাহিনীর নানা সমর মহড়া হয়েছে, নৌ ও বিমানবাহিনীকে নিয়ে যৌথ অনুশীলনও হয়েছে। তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট এবারই প্রথম সেখানে অংশ নিচ্ছে। উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
মহড়া দেখা শেষে আজ বিকেলে হেলিকপ্টারেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা।