আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন তিনি।
খবরটি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তার ভাষ্য অনুযায়ী, দ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে এই আয়োজন প্রথমবারের মতো হচ্ছে।
উপ প্রেস সচিব আরও জানান, দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মহড়ায় অংশ নেওয়া তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নানা কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন তিনি।
যৌথ এই বিশেষ মহড়ায় অংশ নেবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত স্বর্ণদ্বীপ নোয়াখালীর দক্ষিণে, বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে উঠেছে। ২০১৩ সালে এর নিয়ন্ত্রণ হাতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। এরপর থেকে সেখানে প্রশিক্ষণ আর উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে বাহিনীটি।
এক যুগের বেশি সময় ধরে দ্বীপটিতে সেনাবাহিনীর নানা সমর মহড়া হচ্ছে। নৌ ও বিমানবাহিনীকে যুক্ত করে যৌথ প্রশিক্ষণ অনুশীলনও হয়ে আসছে।
কিন্তু সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে এমন বিশেষ যৌথ মহড়া এবারই প্রথম।
মহড়া দেখে আজ বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।