সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। দেশের সার্বভৌমত্ব রক্ষা আর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার নিউইয়র্কে একটি সংবর্ধনা অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য দিতে গিয়েই তিনি এই শ্রদ্ধা জানান। আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত অভিযান এবং স্বাধীনতাসংগ্রামে তাদের সম্মিলিত চেষ্টার কথা স্মরণ করেন আইরিন খান। এই যৌথ প্রচেষ্টাকে তিনি মুক্তিযুদ্ধের এক নির্ণায়ক মুহূর্ত বলে উল্লেখ করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অবদানের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বাংলাদেশি শান্তিরক্ষীদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, খুবই প্রতিকূল অবস্থাতেও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা, দীর্ঘস্থায়ী শান্তির ভিত গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা।
দেশের ভেতরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা আর অবকাঠামো উন্নয়নে সশস্ত্র বাহিনী যে অবদান রাখছে, সে কথাও বলেন আইরিন খান।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব ধরে রাখায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কৃতজ্ঞতা জানান তিনি। শান্তি, মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংহতির প্রতি বাংলাদেশের অঙ্গীকারের কথাও আবার তুলে ধরেন।
জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, সামরিক প্রতিনিধি ও অন্য কূটনীতিকেরা অনুষ্ঠানে যোগ দেন।