কেটে মাঠে রেখে দেওয়া আমন ধান এখন পানির নিচে। টানা বৃষ্টিতে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এ অবস্থা তৈরি হওয়ায় ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
কৃষক ও কৃষি কর্মকর্তারা বলছেন, চার দিন ধরে টানা মাঝারি বৃষ্টি হয়েছে। এতে বরেন্দ্র অঞ্চল ও উত্তরাঞ্চলের নানা বিল এলাকায় কেটে রাখা আমন ডুবে গেছে।
পানিতে ডুবে থাকা ধানের শিষ থেকে দানা ঝরে যেতে পারে, ধানের স্বাভাবিক রংও নষ্ট হতে পারে—এমন আশঙ্কা করছেন কৃষকেরা। শুধু উত্তরাঞ্চল নয়, দেশের অন্য জেলা থেকেও কৃষকদের ভোগান্তির খবর আসছে।
আমন কাটার পর মাড়াইয়ের আগে চার থেকে পাঁচ দিন মাঠে শুকাতে হয়। তাতে ধানের রং ঠিক থাকে, আর্দ্রতাও কমে। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৮ নভেম্বর থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, ফলে কাটা ধান শুকানোর সুযোগই পাননি কৃষকেরা।
উত্তরাঞ্চলের সব জায়গায় শনিবার সন্ধ্যা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। বেশির ভাগ কৃষক তাই মাঠ থেকে কাটা আমন মাড়াইয়ের খলায় তুলতে পারেননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, উত্তরাঞ্চলে এখন পর্যন্ত মাত্র ১২ শতাংশ জমির আমন কাটা ও মাড়াই শেষ হয়েছে। বাকি ৮৮ শতাংশের অর্ধেক জমির ধান কেটে মাঠেই রাখা। বাকি ৪৪ শতাংশ জমির ধানগাছ বৃষ্টি-বাতাসে হেলে পড়েছে।
অধিদপ্তর জানায়, চলতি আমন মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে ছিল, নিবিড় সেচের সুবিধাও নিশ্চিত হয়েছিল, তাই এবার ভালো ফলনের আশা ছিল। এসব জমিতে ৫৬ লাখ ৮৭ হাজার টন আমন উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছিল।
উত্তরাঞ্চলের কৃষি অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোপা আমনের আবাদ হয়েছে রংপুরের পাঁচ জেলায়—৬ লাখ ২২ হাজার হেক্টর জমিতে। সেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৯৬ হাজার টন।
বৃহত্তর দিনাজপুরের তিন জেলায় ৪ লাখ ৯৮ হাজার হেক্টর জমি থেকে ১৪ লাখ ৫৭ হাজার টন আমন উৎপাদনের লক্ষ্য ছিল। রাজশাহীর চার জেলায় ৪ লাখ ১৩ হাজার হেক্টর থেকে লক্ষ্য ছিল ১৩ লাখ ৩৯ হাজার টন, আর বগুড়া কৃষি অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৮৯ হাজার হেক্টর থেকে ১২ লাখ ৮০ হাজার টন।
কৃষি বিভাগের ভাষ্য, লক্ষ্য অনুযায়ী উত্তরাঞ্চলে ভালো আমন উৎপাদনের আশা করা হচ্ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার উৎপাদনে কিছুটা হেরফের হতে পারে।
বিভাগের সূত্র জানায়, উত্তরাঞ্চলে সবচেয়ে বড় লক্ষ্যমাত্রা ছিল নওগাঁ জেলায়: ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমি থেকে ৬ লাখ ১৮ হাজার টন আমন।
কৃষি কর্মকর্তারা জানান, এবার আবাদ ভালো হওয়ায় হেক্টরপ্রতি ৩ দশমিক ৪২ টন ফলনের আশা ছিল। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সম্ভাব্য উৎপাদন কত শতাংশ কমতে পারে, তা যাচাইয়ে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।
সোমবার রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুরে সরেজমিনে দেখা যায়, মাঠের পর মাঠ জুড়ে কৃষকদের কেটে আঁটি বেঁধে রাখা আমন পড়ে আছে।
কোনো কোনো খেতে হাঁটুসমান পানি জমেছে। চাঁপাইনবাবগঞ্জের হোগলা বিলে কেটে রাখা আমন পানিতে তলিয়ে গেছে। আর যেসব জমির ধান এখনো কাটা বাকি, দমকা হাওয়ায় সেগুলোর গাছও মাটিতে নুয়ে পড়েছে।