২৪ ঘণ্টায় ১৪৫ অভিযান, রাজশাহী রেঞ্জে গ্রেফতার ১৫৬; মিলেছে বিদেশি পিস্তল ও মাদক

আপলোড সময় : ২৪-১১-২০২৬ , আপডেট সময় : ২৪-১১-২০২৬

গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে আলাদা আলাদা অভিযান চালিয়ে ১৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে।

অভিযান চলে গতকাল ২৩ নভেম্বর (সোমবার) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় মামলা হয়েছে মোট ৫৭টি। এর মধ্যে খুন ২টি, দস্যুতা ১টি, চুরি ২টি, নারী ও শিশু নির্যাতন ২টি এবং অন্যান্য খাতে ৫০টি। খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। একই সময়ে সাতটি অপমৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে।

গ্রেফতার হওয়া ১৫৬ জনের ৫৪ জন পরোয়ানামূলে, ১৫ জন সাজাপ্রাপ্ত, ৮১ জন তদন্তাধীন মামলায় এবং ৬ জন অন্যান্য (প্রতিরোধমূলক) কারণে ধরা পড়েছেন। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ১৭ জন। গ্রেফতার ও উদ্ধারের জন্য রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান চালানো হয়।

অভিযানে এসআরবি উদ্ধার করেছে ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন; বিজিবি উদ্ধার করেছে ১৯টি ককটেল। মাদকের মধ্যে জব্দ হয়েছে ২০ গ্রাম হেরোইন, ১১০ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল, ৫০০ গ্রাম গাঁজা, ২৫ লিটার চোলাই মদ ও ২৫ লিটার ওয়াশ। প্রতিবেদনে অবশ্য কোনো চোরাচালান পণ্য উদ্ধারের তথ্য নেই।

আইনশৃঙ্খলা সামলানোর পাশাপাশি পুলিশি সেবাতেও গতি দেখা গেছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা নিয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত সেবা নিয়েছেন মোট ২১ হাজার ৯৮৬ জন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :