কাল খুবি দিবস: শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পেরিয়ে নতুন বছরে খুলনা বিশ্ববিদ্যালয়

আপলোড সময় : ২৪-১১-২০২৬ , আপডেট সময় : ২৪-১১-২০২৬

শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পা রাখছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। আগামীকাল ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছিলেন। সেই দিনটি মনে রেখেই প্রতিবছর ২৫ নভেম্বর পালিত হয় ‘খুলনা বিশ্ববিদ্যালয় দিবস’।

৩৫ বছরের দীর্ঘ যাত্রায় শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ আর মানবিক মূল্যবোধ—সব মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আজ তরুণদের স্বপ্ন, ভবিষ্যৎ ও প্রেরণার প্রতীক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় এটি এখন এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে বর্তমান প্রশাসন দায়িত্ব নেয় ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর। এরপর ক্যাম্পাসে স্থিতিশীলতা ফেরানো, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণায় গতি আনা, অবকাঠামো উন্নয়ন দ্রুত করা এবং প্রশাসনিক কাঠামো আধুনিক করতে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়।

দেশে প্রথমবারের মতো সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে খুবিতেই। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অ্যাক্রেডিটেশনের আবেদন করা হয়েছে, স্নাতক পর্যায়ে চালু হয়েছে গবেষণা অনুদান, আর আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার জন্য দেওয়া হচ্ছে আর্থিক প্রণোদনা। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনে জোর দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবোরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় গবেষণা অনুদানও দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসসকে জানিয়েছে, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা-গবেষণার সক্ষমতা বাড়াতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত হয়েছে। এসব প্রকল্পে অগ্রাধিকার পেয়েছে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণ। দীর্ঘ সাত বছর পর সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে, যা হবে আগামী ১৩ জানুয়ারি।

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী ও খুলনার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বাসসকে বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ পেরিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এটা তাদের জন্য গর্ব ও মর্যাদার বিষয়। এই অগ্রযাত্রায় যাঁরা অবদান রেখেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে কাজ করছে। শিক্ষা ও গবেষণার মান বাড়ানো, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার আর আন্তর্জাতিক যোগাযোগ বাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার চেষ্টা চলছে। উপাচার্যের প্রত্যাশা, খুবির শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখবে, কাজ করবে দেশ ও মানুষের কল্যাণে।

দিবসটি যথাযথভাবে পালনে এবার নানা কর্মসূচি হাতে নিয়েছে খুবি কর্তৃপক্ষ। সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে দিনের শুরু। বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা হবে, যেখানে কৃতী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা দেওয়া এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে। পরে অদম্য বাংলা প্লাজায় বিভাগ ও ডিসিপ্লিনগুলোর গত বছরের অর্জন আর আগামী বছরের পরিকল্পনা তুলে ধরা হবে।

বাদ জোহর মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হল ও অন্যান্য স্থাপনা নজরকাড়া আলোকসজ্জায় সাজানো হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :