চূড়ায় ওঠার স্বপ্ন থেকে শোক সামলানোর লড়াই: অস্কার দৌড়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’

আপলোড সময় : ২৪-১১-২০২৬ , আপডেট সময় : ২৪-১১-২০২৬

পাহাড়ের চূড়ায় পৌঁছানোর চ্যালেঞ্জ নিয়ে যাঁরা নিজেদের শরীর ও মনের সামর্থ্যকে শেষ সীমা পর্যন্ত যাচাই করেন, তাঁদের গল্প নিয়েই প্রামাণ্যচিত্র ‘এভারেস্ট: দ্য আদার সাইড’। অস্কারের দৌড়ে থাকা ছবিটির শুরুটা পাহাড়ের সৌন্দর্য, বিশালতা আর মুগ্ধতা দিয়ে।

বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

কিন্তু প্রামাণ্যচিত্রের অন্যতম প্রধান চরিত্রের মৃত্যুর পর গল্প অন্য পথে মোড় নেয়। দুর্গম পাহাড়ি পরিবেশে গড়ে ওঠা গভীর সম্পর্ক, প্রিয়জন হারানোর যন্ত্রণা আর সেই শোক কাটিয়ে ওঠার লড়াই তখন হয়ে ওঠে ছবির মূল বিষয়।

এলিজাবেথ চাই ভাসারহেলি ও জিমি চিন পরিচালিত নতুন এই প্রামাণ্যচিত্র দেখায়, মানুষের সহ্যক্ষমতা কত দূর যেতে পারে। যুক্তরাষ্ট্রের দুই খ্যাতনামা স্কিয়ার হিলারি নেলসন ও জিম মরিসনের ভালোবাসার গল্পও জায়গা পেয়েছে এতে।

জিমি চিন বলেন, ‘মানুষের জীবন ও অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আমার সব সময়ই আগ্রহ ছিল।’

চিনের মতে, জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যাঁরা বিপজ্জনক অভিযানে নামেন, তাঁদের গল্পের ভেতর দিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনার সুযোগ মেলে।

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত জীবনে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রিয়জনকে হারানোর শোক কীভাবে সামলাতে হয়? মানুষ কীভাবে ভালোবাসে? কোন বিষয়গুলো তাকে ভয় পাইয়ে দেয়? অর্থবহ জীবন যাপন করতে কিংবা নিজের কাঙ্ক্ষিত মানুষ হয়ে উঠতে আমরা কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?’

দুঃসাহসিক অভিযানের গল্প

দুঃসাহসী ক্রীড়াবিদদের অসাধারণ সব অভিযান আর সাফল্য পর্দায় তুলে এনে আলাদা জায়গা করে নিয়েছেন পরিচালক জিমি চিন ও এলিজাবেথ চাই ভাসারহেলি।

পর্বতারোহী অ্যালেক্স হনল্ডকে নিয়ে বানানো তাঁদের প্রামাণ্যচিত্র ‘ফ্রি সোলো’ ২০১৯ সালে অস্কার জেতে। তবে দুই নির্মাতার কাছে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ ছিল আরও বড় পরিসরের কাজ।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৯ মিটার। এবারের পুরস্কার মৌসুমে আলোচনায় থাকা আরেক ছবি ‘তেনজিং’-এও এভারেস্ট অভিযানের ইতিহাস এসেছে। ১৯৫৩ সালে পর্বতটির দক্ষিণ দিক দিয়ে প্রথম সফলভাবে চূড়ায় ওঠার ঘটনা ঘিরে তৈরি হয়েছে সেটি।

‘এভারেস্ট: দ্য আদার সাইড’-এর গল্পের কেন্দ্রে খ্যাতনামা স্কিয়ার জিম মরিসন। বিমান দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারানোর কষ্টের স্মৃতি বয়ে বেড়াচ্ছিলেন তিনি।

এবার তিনি চেয়েছিলেন এভারেস্টের উত্তর দিক দিয়ে চূড়ায় উঠতে, যে পথে খুব কম মানুষই সফল হয়েছেন। সেই সঙ্গে এভারেস্টের ওই দিক থেকে স্কি করে নেমে আসা প্রথম মানুষ হওয়ারও ইচ্ছা ছিল তাঁর।

এই অভিযানে তাঁর সঙ্গী হওয়ার কথা ছিল হিলারি নেলসনের। স্বামীকে হারানোর কয়েক বছর পর দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। কিন্তু অভিযানের প্রস্তুতির সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তুষারধসে মারা যান ৪৯ বছর বয়সী পর্বতারোহী নেলসন।

পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি বলেন, ‘শুরুতে হিলারি নেলসন ও জিম মরিসনকে ঘিরেই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। এটি ছিল তাদের ভালোবাসা, যৌথ স্বপ্ন এবং এভারেস্টের উত্তর দিক দিয়ে সরাসরি চূড়ায় পৌঁছে সেখান থেকে স্কি করে নামার প্রথম প্রচেষ্টার গল্প।’

তিনি যোগ করেন, ‘হিলারির মৃত্যুর পর চলচ্চিত্রটির বিষয়বস্তু বদলে যায়। তখন এতে একদিকে যেমন এমন দুঃসাহসিক অভিযানের পেছনের উচ্চাকাঙ্ক্ষা উঠে আসে, অন্যদিকে এসব অভিযানের বাস্তব জীবনে কী ধরনের মূল্য দিতে হয়, সেটিও তুলে ধরা হয়।’

ছবিটি বানাতে গিয়ে নিজের জীবন নিয়েও নতুন করে ভাবতে হয়েছে বলে জানান চাই ভাসারহেলি। জিমি চিনের সঙ্গে আগেই তাঁর বিয়ে হয়েছে, তাঁদের দুই সন্তান। চিন নিজেও ঝুঁকিপূর্ণ নানা অভিযানের দৃশ্য ধারণের কাজ করেন।

চাই ভাসারহেলির ভাষায়, ‘আমি কখনো বিশ্বাস করিনি যে জিমি মারা যেতে পারে। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার পেশাগত উচ্চাকাঙ্ক্ষা ও ব্যক্তিগত জীবনের স্বার্থ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।’

হিলারি নেলসনের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জিম মরিসন।

এএফপিকে তিনি বলেন, ‘আমি যেন এক জায়গায় থমকে গিয়েছিলাম। পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং গভীরভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’

জীবনের এই কঠিন সময় থেকেই ছবির গল্প নতুন দিকে বাঁক নেয়।

মরিসন বলেন, ‘এই পুরো অভিযান তখন আমার কাছে শোক আর হারানোর বেদনার মধ্য দিয়ে এগিয়ে চলার এক যাত্রায় পরিণত হয়। হিলারিকে হারানোর পাশাপাশি নিজের পরিবারকে হারানোর কষ্টও আমাকে বয়ে বেড়াতে হয়েছে।’

তাঁর কথায়, ‘আবার এভারেস্টে ফিরে গিয়ে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করার ইচ্ছা তৈরি হয়। কারণ, আমি হিলারির স্মৃতির প্রতি সম্মান জানাতে চেয়েছিলাম।’

এ পর্যায়ে এসে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ আর শুধু পর্বতারোহণ বা দুঃসাহসিক অভিযানের কাহিনি থাকে না। এটি হয়ে ওঠে মানুষের জীবন, ভালোবাসা, শোক আর ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প।

মরিসন মনে করেন, এই গল্পের শিক্ষা সবার জীবনেই খাটে।

তিনি বলেন, ‘আপনি যদি হাল না ছেড়ে সামনে এগিয়ে যান, নিজের সর্বোচ্চ চেষ্টা করেন এবং এক পা এক পা করে এগোতে থাকেন, তাহলে অসাধারণ সব অর্জন সম্ভব।’

যুক্তরাষ্ট্রের বাছাই করা কয়েকটি প্রেক্ষাগৃহে এখন চলছে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :