‘নসিব’-এর শুটিংয়ে বগুড়ায় গিয়ে না-ফেরার দেশে অভিনেতা সোহেল খান

আপলোড সময় : ২৪-১১-২০২৬ , আপডেট সময় : ২৪-১১-২০২৬

মারা গেছেন টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৬৬ বছর।

আজ মঙ্গলবার সকালে বগুড়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং প্রযোজক আরশাদ আদনান গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ লেখা হয়েছে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’। ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য বগুড়ায় ছিলেন তিনি।

জানা গেছে, ১৯ নভেম্বর থেকে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। আগামীকাল বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য তৈরিও হয়েছিলেন। পরে ইউনিটের এক সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডেকে সাড়া না পেয়ে তিনি অন্যদের জানান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় অভিষেক হয়েছিল সোহেল খানের। এরপর একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত্রেও অভিনয়দক্ষতার ছাপ রেখেছেন তিনি।

সোহেল খানের পৈতৃক বাড়ি ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :