মাসুদ রানা, ময়মনসিংহ ব্যরো: নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর সম্ভাবনার হাতছানিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬। বর্ণাঢ্য আয়োজন, ফুলেল শুভেচ্ছা আর আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- ৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে কঠোর অধ্যবসায় ও সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরাবাদ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী। সভাপতির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, নাসিরাবাদ কলেজ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ তারেক আনোয়ার জাহেদী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আছাদুজ্জামান আকন্দ, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎশাহী সদস্য ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিরাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান আকন্দ।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তোলা, আত্মবিশ্বাস বাড়ানো এবং শিক্ষাজীবনের শুরুতেই ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নবীনবরণকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উৎসবের আবহ তৈরি হয়। নতুন শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন অধ্যায়ের সূচনাকে স্মরণীয় করে রাখার পাশাপাশি জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।