​ময়মনসিংহে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আপলোড সময় : ২৫-১১-২০২৬ , আপডেট সময় : ২৫-১১-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে জনপ্রিয় করা এবং গ্রাহকদের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ময়মনসিংহে পূবালী ব্যাংক পিএলসি'র ইলেকট্রনিক ব্যাংকিং বুথ অ্যান্ড সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে ‘ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরীর সানকিপাড়া ক্যান্টনমেন্ট রোডে পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ প্রধান শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে নতুন এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া।

উদ্বোধন শেষে ক্যাশলেস লেনদেনের সুফল তুলে ধরে একটি সচেতনতামূলক র‌্যালি ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। পরে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলা কিউআর ব্যবহারের গুরুত্ব নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করা সম্ভব। এ জন্য ব্যাংকগুলোকে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে সহজে ও নিরাপদে লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে। পূবালী ব্যাংকের এ উদ্যোগ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ তৌহিদুল বাহার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের আধুনিক, সহজ, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করছে। ইলেকট্রনিক ব্যাংকিং বুথ অ্যান্ড সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে গ্রাহকসেবায় নতুন মাত্রা যুক্ত হলো। প্রযুক্তিনির্ভর এ সেবার মাধ্যমে গ্রাহকরা আরও সহজে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উদ্বুদ্ধ করা এবং ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোই আমাদের অন্যতম লক্ষ্য। তিনি গ্রাহকদের নগদ অর্থের পরিবর্তে বাংলা কিউআরসহ ডিজিটাল লেনদেন পদ্ধতি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিকসহ ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, ক্যাশলেস লেনদেন শুধু সময় ও ব্যয় সাশ্রয়ই করে না, বরং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা সহজেই ডিজিটাল লেনদেন করতে পারবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় ও প্রধান শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের সম্মানিত গ্রাহক, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :