ছয় মাসে প্রাণিসম্পদ থেকে আয় ১০৪ দশমিক ৬ মিলিয়ন ডলার, খাতটিকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার

আপলোড সময় : ২৬-১১-২০২৬ , আপডেট সময় : ২৬-১১-২০২৬

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করার বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, খাতটির উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিজেদের উৎপাদন দিয়ে পুষ্টির চাহিদা মেটানো এবং সেই উৎপাদনকে শিল্পে রূপ দেওয়া গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়া কঠিন হবে না। তবে এর জন্য দরকার সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা আর তার যথাযথ বাস্তবায়ন।

তাঁর মতে, পুষ্টির দিক থেকে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। গত চার দশকে যেসব দেশ নাগরিকদের পুষ্টি নিশ্চিত করতে পেরেছে, সেখানে মানুষের শারীরিক সক্ষমতার সঙ্গে বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে সরকার পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে প্রাণিজ আমিষকে তিনি অন্যতম পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন। দেশের মানুষ যে প্রাণিজ আমিষ গ্রহণ করে, তার প্রায় ৬৫ শতাংশ এখন আসে দুধ, মাংস ও ডিম থেকে।

প্রাণিসম্পদ খাত আর কেবল গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেন তিনি; খাতটি দ্রুত বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্প হয়ে উঠছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে খাতটির অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

অভ্যন্তরীণ আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি খাতটি ধীরে ধীরে রপ্তানির দিকেও এগোচ্ছে উল্লেখ করে তারেক রহমান জানান, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে আয় হয়েছে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার।

খাতটির উন্নয়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চালু থাকবে বলে আশ্বাস দেন তিনি। দেশের খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানান।

প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার আছে, যেখানে দিনে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদন হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ খাতটির সঙ্গে যুক্ত, যাঁদের প্রায় ৪০ শতাংশ নারী। খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় ৫০ হাজার কোটি টাকা। প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারির জীবিকাও চলে পশুপালন করে।

তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বাড়ানোর উদ্যোগগুলো ঠিকমতো বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদে স্বনির্ভর হওয়ার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রাও আয় করতে পারবে বাংলাদেশ।

স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ আছে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ এরই মধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে, উর্বর ডিম রপ্তানিও শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের রপ্তানি বাজার ভবিষ্যতে আরও বড় করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রোগবালাইকে খাতটির অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন তিনি। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদন করছে, তবে এই সক্ষমতা যথেষ্ট নয়। সে কারণেই আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ আছে। ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

পোষা প্রাণীর অধিকার ও কল্যাণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা ও আঘাত থেকে রক্ষা করা এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দেওয়া দরকার। ভয় ও মানসিক যন্ত্রণা থেকেও তাদের মুক্ত রাখতে হবে।

পশুপাখির ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক সময় মানুষ অকারণে পশুপাখিকে নির্যাতন করে। এমন আচরণ ঠেকাতে পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে শেখাতে হবে। যত্ন নেওয়া সম্ভব না হলেও প্রাণীরা যেন কষ্ট না পায়, সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

তাঁর ভাষ্য, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা গড়ে তোলা গেলে এমন এক সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বাস করতে পারবে।

দেশে উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্যকে আন্তর্জাতিক বাজারে নিতে হলে খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে সরকার কাজ করছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, এ আয়োজনে খাতটির সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে আনা হচ্ছে। খামারিদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগই এ খাতের মূল চালিকাশক্তি। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদানের স্বীকৃতি। এই সম্মাননা লাখো উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তির অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ শিগগিরই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে, এমন দৃঢ় আশাবাদ জানান তারেক রহমান। পরে তিনি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থের বাণী পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যাতে প্রাণিসম্পদ খাতের আগামী দিনের সম্ভাবনা, উন্নয়ন এবং এ খাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার নানা অবদান তুলে ধরা হয়।

খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনও বক্তব্য দেন।

পরে সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনের প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী চলছে, যেখানে রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন। রাজধানীর কেন্দ্রীয় মেলার বাইরে দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপিত হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :